
ভারতে জ্বালানি খাতে আসছে বড় পরিবর্তন। E20 পেট্রোলের পর এবার দেশে আসতে চলেছে E85। যার মধ্যে প্রায় ৮৫ শতাংশ থাকবে ইথানল ও ১৫ শতাংশ থাকবে পেট্রোল। সূত্রের খবর, E85 নিয়ে আর কিছুদিনের মধ্যেই খসড়া নিয়ম আনতে পারে কেন্দ্র। একাধিক সংবাদমাধ্যমে E85 নিয়ে এই আপডেট জানিয়েছে।
দ্য হিন্দুর তরফে সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, E85 জ্বালানি চালুর বিষয়ে সরকারের ভিতরে ইতিমধ্যেই ঐকমত্য তৈরি হয়েছে। প্রাথমিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে এই জ্বালানি চালু হতে আরও এক-দু’ বছর সময় লাগতে পারে, কারণ এর জন্য বিশেষ ধরনের ইঞ্জিন প্রয়োজন।
ইটি অটো সংবাদমাধ্যমকে অপর একটি সূত্র জানিয়েছে,"জ্বালানিতে ৮৫ শতাংশ ইথানল মিশ্রণের অনুমতি দেওয়ার একটি খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত রয়েছে এবং শীঘ্রই তা জারি করা হবে।" মিন্টের তরফেও E85 নিয়ে খবর প্রকাশ করা হয়েছে।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, বর্তমানে চালু E20 পেট্রোল থেকে আলাদা একটি জ্বালানি গ্রেড হিসেবে E85 চালু করা হবে।
E20 বাধ্যতামূলক করা হয়েছে
বর্তমানে ভারতে ১ এপ্রিল ২০২৬ থেকে E20 পেট্রোল বাধ্যতামূলক করা হয়েছে। নতুন E85 জ্বালানি আলাদা গ্রেড হিসেবে বাজারে আনা হবে। উল্লেখ্য, E20 পেট্রোলে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো সম্ভব।
বিশেষ বিষয় হল, বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের মধ্যেই এই পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। ভারত তার মোট তেলের চাহিদার প্রায় ৯০% আমদানি করে, ফলে বিকল্প জ্বালানির দিকে ঝোঁক বাড়ানো হচ্ছে।
উল্লেখ্য, ইথানল মূলত আখ, ভুট্টা বা অন্য শস্য থেকে তৈরি হয়। এটি পুনর্নবীকরণযোগ্য এবং সাধারণ পেট্রোলের তুলনায় কম দূষণ তৈরি করে। কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি ইতিমধ্যেই ফ্লেক্স-ফুয়েল গাড়ি ব্যবহার করে দেখিয়েছেন, যা ১০০% ইথানল দিয়েও চলতে পারে।
ইথানল কী?
ইথানল, যা ইথাইল অ্যালকোহল নামেও পরিচিত, এক প্রকারের জৈব যৌগ। এটি দাহ্য, স্বাদবিহীন, বর্ণহীন, সামান্য বিষাক্ত ও বিশিষ্ট গন্ধযুক্ত, এবং অধিকাংশ মদ এর প্রধান উপাদান। এতে ৯৯% বিশুদ্ধ অ্যালকোহল থাকে। এটি জৈব সংশ্লেষণে ব্যবহৃত হয়।