
বাড়ি তৈরি করতে গিয়ে সিমেন্ট, বালি, পাথর ও ইটের হিসেব করা বেশ কঠিন। আগে থেকে খরচের হিসেব না করলে বাজেট তৈরি করা যায় না। তাই কাজ শুরুর আগে আনুমানিক পরিমাণ আন্দাজ করা জরুরি। তবে খুব সহজ ফর্মুলাতেই সেই হিসেব সেরে ফেলতে পারবেন। আসুন এক নজরে জেনে নেওয়া যাক।
প্রতি ১০০ স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে ক' বস্তা সিমেন্ট লাগে?
ধরা যাক, ১০০ বর্গফুটের একটি ছাদে ৪ ইঞ্চি পুরু আরসিসি ঢালাই হবে। সাধারণ হিসাব অনুযায়ী, প্রায় ৮ বস্তা সিমেন্ট লাগতে পারে। ৫ ইঞ্চি পুরু ছাদ হলে প্রায় ১০ বস্তা লাগতে পারে। তবে কংক্রিটের গ্রেড, মিক্সচারের অনুপাত এবং ছাদের পুরুত্বের উপর এই পরিমাণ নির্ভর করে। তবে এটি যে মিনিমাম অ্যামাউন্ট, তা ধরে নিতেই পারেন।
ছাদের আয়তন বাড়লে সিমেন্টের প্রয়োজনও বাড়বে। যেমন, ৫০০ স্কোয়ার ফুট ছাদে ৪ ইঞ্চি পুরু ঢালাইয়ের জন্য আনুমানিক ৩৮ থেকে ৪০ বস্তা সিমেন্ট লাগতে পারে। এগুলি প্রাথমিক হিসাব। চূড়ান্ত পরিমাণ ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী ঠিক হবে।
দেওয়াল গাঁথতে কত ইট লাগবে?
ইটের হিসেব নির্ভর করে দেওয়ালের দৈর্ঘ্য, উচ্চতা ও পুরুত্বের উপর। সাধারণ মাপের ইট দিয়ে ১০০ স্কোয়ার ফুটের ৯ ইঞ্চি পুরু দেওয়াল গাঁথতে আনুমানিক ৯৫০ থেকে ১,০৫০টি ইট লাগতে পারে। অন্য দিকে, ৪.৫ ইঞ্চি পুরু দেওয়ালে প্রায় ৪৮০ থেকে ৫৩০টি ইট লাগতে পারে।
দরজা ও জানলার জায়গা বাদ দিলে ইটের প্রয়োজন কমবে। তবে কিছু ইট ভাঙা বের হবে। এছাড়া কিছু ইট কাটাকাটিও করতে হতে পারে। তাই এর জন্য কিছু অতিরিক্ত ইটও রাখতে হয়।
বাড়ি তৈরির আগে কী মাথায় রাখবেন?
অনেকেই জানেন না, পশ্চিমবঙ্গের কনস্ট্রাকশনের মার্কেটে এখন ৩-৪ রকম মাপের ইট পাওয়া যায়। আপনার লোকাল সেলারের উপর পুরোটা নির্ভর করছে। তাই এ বিষয়ে অবশ্যই ইঞ্জিনিয়ার ও হেড মিস্ত্রির সঙ্গে আলোচনা করে নিন। সিমেন্টের বস্তার ওজনও চেক করে নেবেন।
সিমেন্টের পাশাপাশি রড, বিম এবং ছাদের ভার বহনের ক্ষমতাও বিবেচনা করা প্রয়োজন। তাই সমস্ত বিষয়ে অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। প্রাথমিকভাবে খরচ বেশি হলেও দীর্ঘ মেয়াদে এটি আপনার খরচ ও ঝামেলা কমাতে সাহায্য করবে।