
জনগণনা বা সেনসাসের ডিজিটাল এনুমারেশন শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বাকি এখনও। তার আগেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪০ তথ্য চাওয়া হবে। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল সেই প্রশ্নগুলির মধ্যে ৩ টি প্রশ্নের উত্তর চাওয়া হবে মহিলাদের কাছ থেকে।
কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, Census 2027-এ নির্দিষ্ট ক্ষেত্রে মহিলাদের সন্তান সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হতে পারে। প্রথমত, বর্তমানে তাঁর কতজন সন্তান জীবিত রয়েছেন, তা জানতে চাওয়া হবে। দ্বিতীয়ত, জীবনে মোট কতজন সন্তানের জন্ম দিয়েছেন, সেই তথ্য দিতে হবে। তৃতীয়ত, গত এক বছরে কতজন সন্তানের জন্ম হয়েছে, সেটিও জানাতে হবে। এই প্রশ্নগুলির মাধ্যমে দেশের জনসংখ্যা, জন্মহার এবং প্রজনন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। তবে এই তিনটি প্রশ্ন সব মহিলাকে নয়, সেনসাসের নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী করা হবে। তাই সেনসাস কর্মী প্রশ্ন করলে সঠিক তথ্য দেওয়াই গুরুত্বপূর্ণ।
জনগণনার জন্য যে ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র, সেগুলি দেখে নিন।
১) সংশ্লিষ্ট ব্যক্তির নাম
২) পরিবারের প্রধান সদস্যের সঙ্গে সম্পর্ক
৩) লিঙ্গ পরিচয়
৪) জন্মের সাল এবং বয়স (বছরের হিসেবে)
৫) বিবাহিত না অবিবাহিত
৬) বিয়ের বয়স (বছরের হিসেবে)
৭) জীবনসঙ্গীর নাম
৮) ঘোষিতভাবে কোন দেশের নাগরিক
৯) ধর্মবিশ্বাস
১০) তফসিলি জাতি/তফসিলি জনজাতি/জাতি
১১) বাবার তথ্য (নাম, জন্মস্থান, নাগরিকত্ব, বয়স সংক্রান্ত তথ্য)
১২) মায়ের তথ্য (নাম, জন্মস্থান, নাগরিকত্ব, বয়স সংক্রান্ত তথ্য)
১৩) শারীরিক প্রতিবন্ধকতা
১৪) মাতৃভাষা এবং অন্য ভাষাজ্ঞান
১৫) সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতা
১৬) স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত কি না
১৭) কতদূর পড়াশোনা, কোন বিভাগে পড়াশোনা
১৮) জনগণনা সমীক্ষার আগের ১২ মাসে কোথাও কর্মরত ছিলেন কি না
১৯) কর্মরত কি না, স্থায়ী না অস্থায়ী চাকুরি
২০) পেশা
২১) কোন ক্ষেত্রে, শিল্প, বাণিজ্য না পরিষেবা
২২) কোন শ্রেণির কর্মী
২৩) অর্থনৈতিক নয় এমন কার্যকলাপ (প্রান্তিক, আধা প্রান্তিক এবং কর্মহীনদের)
২৪) কাজের সন্ধান করছেন কি না (প্রান্তিক, আধা প্রান্তিক এবং কর্মহীনদের)
২৫) বাড়ি থেকে অফিস যাতায়াত কী ভাবে
২৬) জন্মস্থান
২৭) শেষ ঠিকানা
২৮) ঠিকানা বদলের কারণ
২৯) বর্তমান ঠিকানায় কদতিন ধরে বাস
৩০) স্থায়ী ঠিকানা
৩১) বর্তমানে সন্তানের সংখ্যা (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন এবং স্বামীবিচ্ছিন্নাদের জন্য)
৩২) মোট সন্তান কয়’টি (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন এবং স্বামীবিচ্ছিন্নাদের জন্য)
৩৩) গত এক বছরে জীবিত সন্তানের সংখ্য়া (বিবাহিত মহিলাদের জন্য)
৩৪) কোভিড-১৯ টিকাকেন্দ্রের নাম
৩৫) মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট
৩৬) মোবাইলনম্বর (থাকলে)
৩৭) আধার নম্বর (থাকলে)
৩৮) ভোটার আইডি নম্বর (থাকলে)
৩৯) পাসোপোর্টের নম্বর (থাকলে)
৪০) ড্রাইভিং লাইসেন্স আছে কি না
জনগণনায় তথ্য নথিভুক্তিকরণের জন্য সেল্ফ এনুমারেশনের কাজ হয়েছে গোটা দেশেই। আর তাতে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর বাড়ি বাড়ি গিয়ে মূল তথ্য সংগ্রহের কাজ চলবে। জনগণনার দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে।
প্রসঙ্গত, জনগণনা বা Census করা হয় দেশের মানুষ সম্পর্কে নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য। দেশে কত মানুষ, তারা কোথায় থাকেন এবং তাঁদের জীবনযাত্রার পরিস্থিতি কেমন, এসব জানতেই জনগণনা। এই তথ্য সরকারের হাতে থাকলে দেশের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করা সহজ হয়।