
পঞ্চম সপ্তাহে পড়েছে ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ। এরমধ্যেই রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন হুমকি দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন। এর ফলে হরমুজ প্রণালী খোলার আশা প্রায় ক্ষীণ হয়ে আসছে। যা সারা বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সঙ্কট বাড়িয়ে দিতে পারে। ভারতেও LPG নিয়ে চূড়ান্ত সঙ্কট দেখা গিয়েছিল। তবে কেন্দ্রের তৎপরতায় আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে।
LPG এজেন্সিগুলোর বাইরে লম্বা লাইন দেখা গেলেও , সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, ভারতে পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কিত হয়ে কেনার কোনও প্রয়োজন নেই। এলপিজি সঙ্কট মোকাবিলায় সরকার চাহিদা মেটাতে ৫ কেজির LPG সিলিন্ডারের সরবরাহও দ্রুত করেছে।
৫ কেজি 'ছোটু' সিলিন্ডারের চাহিদা তুঙ্গে
এই ৫-কেজির ছোট এলপিজি সিলিন্ডারগুলোকে 'ছোটু' সিলিন্ডার বলা হয়। এগুলি LPG ডিলারদের কাছে কাউন্টারেই পাওয়া যায়। এই সিলিন্ডারের বিক্রি ক্রমাগত বাড়ছে। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, ২৩ মার্চ থেকে দেশে প্রায় ৬.৬ লক্ষ 'ছোটু' সিলিন্ডার বিক্রি হয়েছে।
এই ছোটু সিলিন্ডারের বিশেষত্ব হল, এগুলি পেতে আগে থেকে কোনও বুকিংয়ের ঝামেলা নেই। এই সিলিন্ডারগুলিকে এফটিএল সিলিন্ডার বলা হয়। এগুলি বাজারদরে যে কোনও ডিলারদের কাছে পাওয়া যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ছোট সিলিন্ডারগুলো কেনার জন্য ঠিকানার কোনও প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই। শুধু দরকার একটি বৈধ পরিচয়পত্র। এলপিজির চাহিদা মেটাতে সরকার এই সিলিন্ডারগুলোর সরবরাহ বৃদ্ধি করেছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুদ নিয়ে দেশের সব শোধনাগারে জোরকদমে চালু রয়েছে। দেশজুড়ে পেট্রোল পাম্পগুলোতেও পর্যাপ্ত মজুত রয়েছে।