
ফের একবার ডিএ নিয়ে সুখবর পেতে পারেন কেন্দ্র সরকারের কর্মচারীরা। আসন্ন জুলাই মাস থেকে আবার নতুন হারে ডিএ পাওয়ার আশা করছেন ১.২ কোটি কেন্দ্রীয় কর্মীরা। খুচরো ও পাইকারি দুই খাতেই মুদ্রাস্ফীতি বৃদ্ধির জেরে ৩ শতাংশ ডিএ বাড়তে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। এরফলে বর্তমানে ৬০ শতাংশ থেকে ডিএ বেড়ে হতে পারে ৬৩ শতাংশ।
একটি সূত্রের দাবি, বর্তমানে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের রূপরেখার জন্য সরকারি কর্মচারীরা অপেক্ষায় রয়েছেন। কিন্তু এরমধ্যেই তাঁরা ডিএ নিয়ে সুখবর পেতে পারেন। জুলাই থেকে ডিএ বৃদ্ধি হিসেব করা হলেও, ডিএ বৃদ্ধির ঘোষণা করার তারিখ নিয়ে ধন্দ রয়েছে। সূত্রের দাবি, সেপ্টেম্বর মাসে ২০২৬-এর দ্বিতীয়বার DA বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। যদিও মহার্ঘ ভাতা গণনা করা হবে জুলাই,২০২৬ থেকেই।
DA-তে কোনও কর্মীর টাকা কত বাড়বে তা আদতে নির্ভর করে ওই ব্যক্তির পাওয়া বেসিক পে-র উপরে। লেভেল-১ এর আওতায় থাকা কোনও কেন্দ্রীয় কর্মীর বেসিক বেতন হয় কমপক্ষে ১৮,০০০ টাকা। এর উপরে ৬০ শতাংশ ডিএ হিসেবে এতদিন পাওয়া যাচ্ছিল ১০ হাজার ৮০০ টাকা। DA বেডে ৬৩ শতাংশ হলে সেই টাকা বেড়ে হবে ১১,৩৪০ টাকা। অর্থাৎ অতিরিক্ত ৫৪০ টাকা হাতে বেশি পাওয়া যাবে।
লেভেল ২ -এর কর্মী যাদের মাসিক বেসিক স্যালারি ২৫,৫০০ টাকা। তাঁরা DA বাবদ ৭৬৫ টাকা হাতে বেশি পাবেন। এছাড়াও, লেভেল ৩-এর ক্ষেত্রে সর্বনিম্ন বেসিক স্যালারি রয়েছে ৩৫,৪০০ টাকা। তাঁদের ক্ষেত্রে DA বাড়বে মাসিক ১০৬২ টাকা। এর উপরে লেভেল ৪-এর সরকারি কর্মীদের বেসিক স্যালারি রয়েছে ৪৪,৯০০ টাকা সর্বনিম্ন। এই কর্মীদের ৬৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির পর বর্তমানের তুলনায় DA বাবদ ১৩৪৭ টাকা বেশি পাবেন।
রাজ্য ও কেন্দ্র উভয় সরকারি কর্মচারীরাই ডিএ বা মহার্ঘ ভাতা পান। মূলত মুদ্রাস্ফীতি বৃদ্ধির জেরে যাতে সংসার খরচ সামলানো যায়, তাই মুদ্রাস্ফীতির সূচক বৃদ্ধি বিবেচনা করেই DA বাড়ে সরকারি কর্মীদের। সাধারণ ভাবে প্রতি বছর ২ বার এই ডিএ বৃদ্ধি করা হয়।