Advertisement

Biryani Price Hike: দাদা বৌদি থেকে আর্সালান, উজ্জ্বল দা, LPG দামি হতেই বাড়বে বিরিয়ানির দাম!

বারাকপুরের দাদা বৌদি থেকে শুরু করে কলকাতার আর্সালান, উজ্জ্বল দা- কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বাড়তেই, দাম বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে কলকাতা ও শরহরতলির নামীদামি বিরিয়ানি সংস্থাগুলি।

LPG দামি হতেই বাড়বে বিরিয়ানির দাম!LPG দামি হতেই বাড়বে বিরিয়ানির দাম!
কিশোর শীল
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 5:17 PM IST
  • দাম বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে কলকাতা ও শরহরতলির নামীদামি বিরিয়ানি সংস্থাগুলি।
  • কলকাতায় বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় ৩২০২ টাকা।
  • বিশাল দাম বৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের।

বারাকপুরের দাদা বৌদি থেকে শুরু করে কলকাতার আর্সালান, উজ্জ্বল দা- কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বাড়তেই, দাম বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে কলকাতা ও শরহরতলির নামীদামি বিরিয়ানি সংস্থাগুলি। bangla.aajtak.in -কে এমনটাই জানালেন বিরিয়ানির দোকান ও রেস্তোরাঁর মালিকরা। কারণ কলকাতায় বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় ৩২০২ টাকা। যা কিনা মাত্র কয়েক মাস আগেও ছিল ২০০০ টাকার কম। ফলে এই বিশাল দাম বৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের।

দাদা-বৌদি বিরিয়ানির তরফে কী বলা হচ্ছে?

বারাকপুরের দাদা বৌদি বিরিয়ানির অন্যতম কর্ণধার রাজীব সাহা bangla.aajtak.in -কে জানান, "যুদ্ধের কারণে গ্যাসের দাম এমনিতে বেড়েই ছিল। তারমধ্যে আচমকা অভাবনীয় ভাবে LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। এতো লিমিট ছাড়া দাম বাড়ানো হয়েছে! একবারে প্রায় হাজার টাকা দাম বাড়ানো হয়! কী ভাবে চলবে বিষয়টি সত্যিই ভাবনার। আমাদের কর্মচারীদের বেতন  সহ অনেক খরচ রয়েছে। তার মধ্যে গ্যাসের দামের এই বৃদ্ধি...।" দাম বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, "এতটা দাম বেড়ে গেলে, দাম তো বাড়াতেই হবে। আমাদের তো টাকা ছাপানোর মেশিন নেই। কিন্তু হঠাৎ করে তো ক্রেতাদের থেকেও বেশি টাকা নেওয়া যাবে না। এখন কী করা যায়, সেটাই ভাবছি।"

আর্সালান কী জানাচ্ছে?

কলকাতার  পার্কসার্কাসে রয়েছে আর্সালান বিরিয়ানির মূল ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের ম্যানেজার মোজাম্বিল হক bangla.aajtak.in-কে জানালেন, "আমাদের মালিকের পক্ষ থেকে এখনই দাম বাড়ানোর কিছু আসেনি। কিন্তু গ্যাস সহ অন্য মশলার যেভাবে দাম বেড়েছে, তাতে দাম না বাড়ানো ছাড়া উপায় নেই। কিন্তু এখন পর্যন্ত বিরিয়ানির দাম বাড়ানো হয়নি।"

উজ্জ্বল দা-র বিরিয়ানির কী দাম বাড়বে?

শহরতলিতে ডি-বাপির মতো বিরিয়ানির সঙ্গে টেক্কা দিচ্ছে উজ্জ্বল দা-র বিরিয়ানি। এটি শহরতলিতে রীতিমতো ভাইরাল দোকান। এই দোকানের মালিক উজ্জ্বল সাহা বলেন, "গ্যাসের দাম বাড়লে যা অতিরিক্ত খরচ হবে, তা আমাদের পকেট থেকেই যাবে। এখনই বিরিয়ানির দাম সাধারণ মানুষের কথা ভেবে বাড়ানো যাবে না। একেবারে পুজোর সময় দাম বাড়ানো হতে পারে।"

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement