
দিঘা নিয়ে বড় পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সৈকত শহরকে আগামী দিনে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। যার অংশ হিসেবে তালপাটি থেকে উদয়পুর পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ উপকূলবর্তী এলাকাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর, পেটুয়া এই সমস্ত এলাকাকে জুড়ে একাধিক নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। আর সেইসঙ্গে হোমস্টে তৈরির ক্ষেত্রেও উৎসাহ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
৫ লক্ষ টাকা করে সাবসিডি ঘোষণা
দিঘা এবং সংলগ্ন উপকূলীয় এলাকার পর্যটন পরিকাঠামোয় আমূল বদল আনতে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কেবল দিঘা, মন্দারমনি, তাজপুর নয়, সৈকতে আরও নতুন টুরিস্ট স্পট হবে, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শৌলা থেকে পেটুয়া পর্যন্ত মেরিন ড্রাইভকে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ওখানে নতুন অনেকগুলো ট্যুরিস্ট স্পট ও হোম স্টে করা হচ্ছে। নতুন ট্যুরিস্ট স্পটগুলোতে ফোর রুমের হোমস্টে যাঁরা করবেন, তাঁদেরকে ৫ লক্ষ টাকা করে সাবসিডি দেওয়া হবে।
হোম স্টে তৈরি করার শর্ত কী?
মুখ্যমন্ত্রীর পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোমস্টে। নির্দিষ্ট নতুন পর্যটনকেন্দ্রে চার কামরার হোমস্টে তৈরি করলে উদ্যোক্তারা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পেতে পারেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এর ফলে স্থানীয় বাসিন্দাদের পর্যটন ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ বাড়বে বলে মনে করছে রাজ্য সরকার। তবে কবে থেকে আবেদন নেওয়া হবে, কী কী নথি লাগবে এবং ভর্তুকি পাওয়ার নির্দিষ্ট শর্ত কী—সেই বিস্তারিত এখনও ঘোষণা করা হয়নি।
কোথায় খুলতে হবে এই হোম স্টে?
দিঘা-মন্দারমণি-শঙ্করপুরের বাইরে নতুন পর্যটনকেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। গোপালপুর, মাঝিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, পেটুয়া-সহ উপকূলের একাধিক এলাকাকে এই প্রকল্পের আওতায় আনার কথা বলা হয়েছে। শৌলা থেকে মন্দারমণি হয়ে পেটুয়া পর্যন্ত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। নতুন পর্যটনকেন্দ্রগুলিতে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
দিঘার মধ্যেই চলবে বাস
পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য বাস পরিষেবা চালুর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘা থেকে মন্দারমণি, তাজপুর এবং ওড়িশার চন্দনেশ্বর মন্দির পর্যন্ত যাওয়ার জন্য বাস চালানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এর ফলে ট্রেনে দিঘায় পৌঁছনো পর্যটকদের আশপাশের দর্শনীয় জায়গাগুলিতে যাতায়াত সহজ হবে। পাশাপাশি দিঘায় হেলিকপ্টার পরিষেবা ফের চালুর পরিকল্পনাও রয়েছে। তবে পরিষেবা শুরুর দিনক্ষণ বা ভাড়ার বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
প্রাকৃতিক সৌন্দর্যে নজর
দিঘার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার দিকেও নজর দিচ্ছে প্রশাসন। সৈকত ও উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝাউবন ফিরিয়ে আনার উদ্যোগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা স্নেক পার্ক ফের চালু করা এবং অমরাবতী পার্কের সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে। পর্যটনকেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি উপকূলের পরিবেশ রক্ষার বিষয়টিও এই পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।