
শিয়ালদা- রানাঘাট এসি লোকাল নিয়ে বড় খবর। এবার এই ট্রেনটির স্টপেজ কম করার সিদ্দান্ত নিল পূর্ব রেল। আগামী ১ অগাস্ট, শনিবার থেকে ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদা-রানাঘাট-শিয়ালদা এসি লোকাল আর স্টপেজ দেবে না কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধা ও চাহিদা পরীক্ষা করার জন্য সিমুরালি, হালিশহর, ইছাপুর, জগদ্দল এবং কাঁকিনাড়া -এই পাঁচটি স্টেশনে পরীক্ষামূলকভাবে স্টপেজ চালু করা হয়েছিল শিয়ালদা- রানাঘাট এসি লোকাল। কিন্তু কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে AC EMU ট্রেনের যাত্রী সংখ্যা অত্যন্ত কম হওয়ায় ট্রেনের সময়সূচি বজায় রাখা এবং নির্ধারিত সময়সূচি অনুসরণ কনফার্ম করার স্বার্থে এই দুই স্টেশনে স্টপেজ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, আপাতত অন্য তিনটি স্টেশন অর্থাৎ সিমুরালি, হালিশহর, ইছাপুর স্টেশনের পরবর্তী মূল্যায়ন না হওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্টপেজ চালু থাকবে।
৩১৬৩৭ শিয়ালদা রানাঘাট এসি গ্যালোপিং লোকাল শিয়ালদা থেকে ছাড়ে সন্ধে ৬টা বেজে ৫০ মিনিটে। সেটি রানাঘাট পৌঁছায় ৮টা বেজে ৩২ মিনিটে। যাত্রাপথে ৭.৪১ মিনিটে জগদ্দল ও ৭.৪৫ মিনিটে নৈহাটিতে পরীক্ষামূলক স্টপেজ দিত ট্রেনটি। কিন্তু আগামী ১ অগাস্ট থেকে সেই সুবিধা তুলে নিচ্ছে রেল। ফলে যে হাতে গোনা কয়েকজন মানুষ এই দুটি স্টেশন থেকে এসি ট্রেনটিতে চড়তেন, তাঁদের পক্ষে আর নিজেদের স্টেশন থেকে এসি লোকাল ধরার সুযোগ থাকছে না।
পূর্ব রেলের তরফে অনুরোধ করা হয়েছে, যাত্রীরা যাতে সফরের আগে সংশোধিত টাইম টেবিল দেখে তবেই যাত্রা করেন। একইসঙ্গে এই পরিবর্তনের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে শিয়ালদা ডিভিশন।