
এখন প্রায় সকলের বাড়িতে ইলেকট্রনিক গ্যাজেটের ছড়াছড়ি। আর সেই সব গ্যাজেটের প্রয়োজন বিদ্য়ুৎ। সেই কারণে অধিকাংশ ঘরেই উপস্থিত থাকে এক্সটেনশন কর্ড। এই কর্ডের মাধ্যমেই একাধিক ডিভাইসে পাওয়ার সাপ্লাই হয়। নতুন করে দেওয়ালের ইলেকট্রিক বোর্ডে সকেট বাড়ানোর প্রয়োজন পড়ে না। তাই এক্সটেনশন কর্ড একটি অত্যন্ত জরুরি টুল।
তবে এহেন কার্যকরী এক্সটেনশন কর্ড নিয়েও অনেকেই নানা ধরনের কথা বলেন। এই যেমন, একাংশের মানুষ মনে করছেন এক্সটেনশন কার্ড ব্যবহার করলে নাকি বেড়ে যায় বিদ্যুতের বিল। কিন্তু এই কথার নেপথ্যে কি কোনও যুক্তি রয়েছে? নাকি গোটা বিষয়টাই ভুল? আসুন জেনে নেওয়া যাক।
এক্সটেনশন কর্ড কি বেশি ইলেকট্রিক খায়?
অনেকেই মনে করেন এক্সটেনশন কর্ড বোধহয় বেশি বিদ্যুৎ খরচ করে। যদিও বিষয়টা একবারেই তেমন নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, এটি একটি ইলেকট্রিক টুল। এর মাধ্যমে দেওয়ালের বোর্ড থেকে বিদ্যুৎ পৌঁছে যায় কোনও ডিভাইসে। এটিতে তার এবং সকেট ছাড়া আর কিছুই থাকে না। তাই আলাদা করে ইলেকট্রিক খরচের কোনও প্রশ্নই নেই।
বিশেষজ্ঞরা আশ্বস্ত করে জানিয়েছেন, সরাসরি প্লাগ থেকে ডিভাইস ব্যবহার করুন বা এক্সটেনশন কার্ড থেকে, দু'টো থেকেই বিদ্যুতের খরচ একই রকম হয়। কোনওটায় বেশি বা কম হয় না।
এই বিষয়টা মাথায় রাখতে হবে...
সাধারণ ছোট তারের এক্সটেনশন টেবিল নিয়ে কোনও সমস্যা হয় না। বিদ্যুতের বিল একই থাকে। তবে যদি একটু বড় তারের এক্সটেনশন কেবিল হয়, তাহলে সমস্য়া বাড়তে পারে। সেক্ষেত্রে কিছুটা হলেও পাওয়ার লস হতে পারে। যার ফলে কিছুটা বেশি বিদ্যুৎ পুড়তে পারে। কিন্তু তাতেও বছরে মাত্র কয়েক টাকা বেশি দিতে হতে পারে। তার বেশি নয়।
সস্তার এক্সটেনশ কর্ডে বিপদ
আমাদের মধ্যে অনেকেই সস্তার এক্সটেনশন কর্ড ব্যবহার করেন। আর সেটাই বিরাট ভুল। কারণ, এই ধরনের এক্সটেনশন কর্ড ইলেকট্রিক ঠিক ঠাক সামাল দিতে পারে না। যার ফলে বাড়ে বিপদ।
গরম হলেই সাবধান
এক্সটেনশন কর্ড গরম হওয়া উচিত নয়। আর যদি এমনটা হয়, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা সমস্য়া অবশ্যই রয়েছে। এক্সটেনশন কর্ডটি ঠিক ঠাক কাজ করছে না। এমন পরিস্থিতিতে দ্রুত কর্ডটি ব্যবহার বন্ধ করুন।
আসলে এই ধরনের কর্ড ব্যবহার করলে যখন তখন আগুন লেগে যেতে পারে। যার ফলে বাড়তে পারে বিপদ। তাই সাবধান হন। চেষ্টা করুন এই ভুল না করার। বরং একটু ভাল মানের পরিচিত সংস্থার এক্সটেনশন কর্ড কিনুন। আর দেখুন তারটা যেন বেশ মোটা হয়। এই বিষয়টা মাথায় রাখলেই অনায়াসে সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।