
চালক ছাড়াই মেট্রো চালানোর অনুমতি মিলল। পরীক্ষামূলকভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে মেট্রো চালানোয় সফল হয়েছে। শুধু অপেক্ষা ছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)-এর আনুষ্ঠানিক ছাড়পত্রের। সেই অনুমতি মিলে গেল। তারা ছাড়পত্র দিয়েছে। কবে নাগাদ যাত্রীদের জন্য চালু হবে?
পরীক্ষামূলকভাবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চালকহীন চালানো হয়েছিল। গত রবিবার দুপুরে চালকহীন মেট্রোর পরীক্ষামূলক দৌড় সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি আন্ডারওয়াটার টানেল সহ পুরো রুটে জরুরি পরিস্থিতিতে মেট্রো চালানোর বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। তা সফলও হয়েছে।
জানা গেছে, কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল (CBTC)-র এই ব্যবস্থায় মেট্রোর গতি, দূরত্ব এবং নিরাপত্তা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। পরীক্ষায় রাখা হয়েছিল গঙ্গার তলার কানেক্টরটি। প্রায় ৫২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ সফলভাবে অতিক্রম করেছে চালকহীন মেট্রোটি।
চালকহীন হলেও চালক কেবিনে উপস্থিত থাকবেন
যদিও বলা হচ্ছে চালকহীন মেট্রো। তবে কেবিনে চালক উপস্থিত থাকবেন। তবে তাঁর কাজ হবে দরজা খোলা ও বন্ধ করা। জরুরি পরিস্থিতিতে হস্তক্ষেপ করা। ট্রেনের স্বাভাবিকভাবে চলাচল করছে কিনা তা নিয়ন্ত্রণ করবে সেন্ট্রাল পার্কের অপারেশন কন্ট্রোল সেন্টার।
যাত্রীদের জন্য কবে নাগাদ চালক ছাড়াই মেট্রো চালানো হবে তার আনুষ্ঠানিক তারিখ জানানো না হলেও খুব শিগগিরই চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।
রবিবার মেট্রো চলাচলের সময় পরিবর্তন করা হয়েছিল। সকাল ৯টার জায়গায় বেলা সাড়ে চারটায় চালানো হয় প্রথম মেট্রো। সেদিন ১২টি স্টেশন এবং গঙ্গার নীচের সুড়ঙ্গ অংশে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
মেট্রো কর্তৃপক্ষের আশা, যাত্রীদের জন্য চালকবিহীন মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে এতে কলকাতার অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেট্রো প্রযুক্তিতে অনেকটা অগ্রসর হবে।