
পূর্ব রেলের যাত্রীদের জন্য বড়সড় সুখবর। এবার হাওড়া থেকে নটেসর রুটে একটি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাতে চলেছে রেল। আজ, ১০ অগাস্ট থেকেই এই নতুন ট্রেনের যাত্রা শুরু করা হচ্ছে। আগামী প্রায় ৬ মাসের জন্য এই স্পেশাল ট্রেনটি পরিষেবা দেবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
কোন কোন দিন এই ট্রেন চলবে?
রেল সূত্রে খবর, সপ্তাহে প্রতিদিন এই ট্রেন চালানো হবে না। বরং ১০ অগাস্ট, ২০২৬ থেকে শুরু করে ৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শনিবার হাওড়া থেকে এই ট্রেন চালানো হবে। আবার ফিরতি পথে প্রতি মঙ্গল, বৃহস্পতি, ও রবিবার নটেসর থেকে ছাড়বে এই ট্রেন। অর্থাৎ ১০ অগাস্ট থেকে ৮ ফেব্রুয়ারি- প্রায় ৬ মাস, এই স্পেশাল ট্রেনটির মেয়াদ রয়েছে।
ট্রেনটির টাইম টেবিল দেখে নিন-
০৩০২৯ হাওড়া-নটেসর ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ১০টার সময়। সেটি নটেসর গিয়ে পৌঁছবে পরের দিন দুপুর ১টার সময়।
অন্যদিকে, ফিরতি পথে ০৩০৩০ নটেসর-হাওড়া ট্রেনটি নটেসর থেকে ছাড়ূবে দুপুর ১টা বেজে ৫৫ মিনিটে। সেটি হাওড়া স্টেশনে ফিরে আসবে সকাল ৭টার সময়।
পূর্ব রেল সূত্রে দাবি,যাত্রাপথে ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে ব্যাণ্ডেল, বর্ধমান, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, পাকুড়, ভাগলপুর, বারহারওয়া জংশন, সাহেবগঞ্জ, জামালপুর, সুলতানগঞ্জ, অভয়পুর, অশোকধাম, বরহিয়া, কিউল, হাথীদা জংশন, মোকামা, অথমলগোলা, বিহার শরীফ, নালন্দা, রাজগীর ও নটেসর স্টেশনে থামবে। ফিরতি পথেও ট্রেনটি এই স্টেশনগুলিতে থামবে।
রেলসূত্রে খবর, এই ৬ মাস সময়ের মধ্যে মোট ৭৯টি ট্রিপ করবে হাওড়া- নটেসর- হাওড়া ট্রেনটি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটিতে দেওয়া হচ্ছে একটি এসি ৩ থ্রি টিয়ার কোচ, স্লিপার কোচ দেওয়া হচ্ছে ৭টি, জেনারেল কোচ দেওয়া হচ্ছে ৪টি ও SLRD কোচ দেওয়া হচ্ছে ২টি।