
প্রতি বছর গরমকালে ছুটি কাটাতে দিঘায় ব্যাপক জনসমাগম হয়। ফলে এই সময় চাপ বাড়ে রেলের উপর। তাই এই বছর আগে থেকেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলল পূর্ব রেল। দিঘার উদ্দেশে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ২ মে থেকে ২০ জুন, অর্থাৎ প্রায় দেড় মাস এই ট্রেনটি চলবে বলে জানিয়েছে পূর্ব রেল।
রেলের তরফে জানানো হয়েছে, আসন্ন গ্রীষ্মকালীন মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দিঘা-মালদা টাউন স্পেশাল ট্রেন চালানো হবে। ট্রেনটির যাতায়াতের রুট ও টাইম টেবিল দেখে নেওয়া যাক।
ট্রেনের টাইম টেবিল দেখে নিন
| স্টেশন | ট্রেনের সময় (মালদা To দিঘা) | স্টেশন | ট্রেনের সময় (দিঘা To মালদা) |
| মালদা টাউন | ১৩.১০ | দিঘা | ২৩.৪০ |
| রামপুরহাট | ১৫.২০ | ডানকুনি | ০৩.৪২ |
| বর্ধমান | ১৭.১৬ | বর্ধমান | ০৪.৪০ |
| ডানকুনি | ১৮.৩২ | রামপুরহাট | ০৬.২৭ |
| দিঘা | ২৩.০০ | মালদা টাউন | ০৯.২০ |
যাত্রাপথে ট্রেনটি দুই দিকেই নিউ ফরাক্কা, পাকুড়, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, আন্দুল, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনেও থামবে। ট্রেনটি চলবে ০২/০৫, ০৯/০৫, ১৬/০৫, ২৩/০৫, ৩০/০৫, ০৬/০৬, ১৩/০৬ ও ২০/০৬/২০২৬ তারিখ (শনিবার) করে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনে থাকছে ২টি এসি থ্রি টায়ার কোচ, ৫টি স্লিপার কোচ, ৭টি সেকেন্ড ক্লাস জেনারেল ও জিএসএলআরডি থাকছে ২টি কোচে।
এই ট্রেনের ভাড়া কত?
ট্রেনটির স্লিপারের ভাড়া রয়েছে ৪১৫ টাকা। থার্ড এসিতে ভাড়া পড়বে ১১২০ টাকা।