
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের বিশেষ উপহার দিল শিয়ালদা ডিভিশন। কল্যাণী স্টেশনের নবনির্মিত বিল্ডিংয়ের আধুনিক যাত্রী-সুবিধাসম্পন্ন একটি মডার্ন ওয়েটিং রুম, কমপ্লেক্স চালু করল রেল। দৈনন্দিন রেলযাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও এই ক্যাফেটেরিয়ার সুবিধা নিতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হল যাতায়াতের ক্ষেত্রে আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত স্বাচ্ছন্দ্য এবং আরও উন্নত পরিষেবা দেওয়া।
বিনামূল্যে যাত্রীদের জন্য ওয়েটিং রুম: আরামদায়ক স্টিলের আসন, আধুনিক পাখা, এলইডি আলো এবং ডিটিএইচ সংযোগ-সহ বিনোদন ও তথ্য দেওয়ার জন্য একটি স্ক্রিন দিয়ে সাজানো আধুনিক প্রতীক্ষালয় গড়ে তোলা হয়েছে নতুন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে। এই কক্ষটি যাত্রীদের জন্য বিনামূল্যে থাকছে।
এক্সিকিউটিভ পেইড লাউঞ্জ: প্রিমিয়াম কুশনযুক্ত আসন ও রিক্লাইনার, এসি-সহ আরও নানা সুবিধা সহযোগে তৈরি করা হয়েছে এক্সিকিউটিভ পেইড লাউঞ্জও।
স্তন্যপান করানোর সুবিধা: শিশুদের নিয়ে সফর করা মায়েদের সুবিধার জন্য এই গ্রাউন্ড ফ্লোরেই তৈরি করা হয়েছে পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যক্তিগত পরিসরে স্তন্যপান করানোর সুবিধাও।
বিল্ডিংয়ের দোতালা ও ছাদে একটি আধুনিক ক্যাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। এখানে জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক খাদ্য ও পানীয় ব্র্যান্ড, কফি চেন, রেস্তোরাঁ এবং মিষ্টি ও বেকারির দোকানের জন্য উপযুক্ত পরিকাঠামো রাখা হয়েছে। মডিউলার কিচেন, এসি ব্যবস্থা ও আধুনিক অন্দরসজ্জার পাশাপাশি পরিবেশবান্ধব, জৈব প্যাকেজিং এবং উন্নত খাদ্য সুরক্ষা বিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা এ প্রসঙ্গে বলেন, "স্টেশন চত্বরকে আধুনিক যাতায়াত কেন্দ্রে বদলে ফেলে যাত্রীদের উন্নত স্বাচ্ছন্দ্য ও সুবিধা দিতে শিয়ালদা ডিভিশন প্রতিশ্রুতিবদ্ধ। কল্যাণী স্টেশনের এই অত্যাধুনিক ক্যাফেটেরিয়া ও লাউঞ্জ কমপ্লেক্স যাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য আমাদের দুর্গাপুজোর উপহার। একই ছাদের নীচে শিশু পরিচর্যার সুবিধা, সব ধরনের ব্যবহারকারীর জন্য পৃথক শৌচাগার এবং উন্নতমানের খাবার ও পানীয়ের ব্যবস্থা করে আমরা যাত্রীদের আরও আনন্দদায়ক, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা দিতে চাই।"