
কারেন্টের বিল ডিউ। কেওয়াইসি (KYC) আপডেট না করলেই কানেকশান কেটে দেওয়া হবে। আজকাল অনেকের ফোনেই এমন মেসেজ আসছে। কিন্তু সাবধান। তড়িঘড়ি কিছু করতে যাবেন না। ভুয়ো লিঙ্কের মাধ্যমে, ভয় দেখিয়ে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টারা হাতানোর চেষ্টা করছে প্রতারকরা। বিদ্যুৎ, গ্যাস কিংবা জলের বিলের নাম করেও এই ধরনের প্রতারণা চলছে। ইতিমধ্যেই এ বিষয়ে সতর্ক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
ব্যাঙ্কের অ্যালার্ট অনুযায়ী, প্রতারকরা নিজেদের বিদ্যুৎ দফতর বা পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। তার পরে ফোন, এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপে জানায়, বিল বকেয়া রয়েছে অথবা কেওয়াইসি সংক্রান্ত তথ্য আপডেট করা হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যুৎ বা অন্য পরিষেবা বন্ধ হয়ে যাবে বলেও ভয় দেখানো হয়। কখনও নির্দিষ্ট নম্বরে ফোন করতে বলা হয়, কখনও পাঠানো হয় টাকা জমা দেওয়ার লিঙ্ক।
এই ফাঁদের আসল উদ্দেশ্য লিঙ্কে ক্লিক করিয়ে ব্যক্তিগত ও ব্যাঙ্কের গোপন তথ্য হাতিয়ে নেওয়া। কোনও কোনও ক্ষেত্রে অচেনা অ্যাপ ডাউনলোড করতেও বলা হয়। সেই অ্যাপের মাধ্যমে প্রতারকেরা মোবাইলের পর্দায় কী হচ্ছে, তা দেখতে পারে। স্ক্রিন শেয়ারিংয়ের সুযোগ পেলে ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য ও লেনদেনের উপরেও নজরদারি চালানো সম্ভব। ফলে একটি ভুল ক্লিকেই বড় আর্থিক ক্ষতি হতে পারে।
তাহলে কীভাবে সতর্ক থাকবেন?
প্রথমত, অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। হোয়াটসঅ্যাপে পাঠানো সন্দেহজনক ফাইলও খুলবেন না। দ্বিতীয়ত, ওটিপি, এটিএম পিন, সিভিভি বা ব্যাঙ্কের পাসওয়ার্ড কাউকে জানাবেন না। ব্যাঙ্ক বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার পরিচয় দিয়ে ফোন করলেও নয়। তৃতীয়ত, অপরিচিত ব্যক্তির কথায় কোনও অ্যাপ ডাউনলোড করবেন না।
বিল বকেয়া রয়েছে কি না, তা জানতে সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার সরকারি ওয়েবসাইট, অ্যাপ বা গ্রাহক পরিষেবা নম্বরে নিজে যোগাযোগ করুন। জরুরি বার্তা এলেই পরিষেবা বন্ধ হয়ে যাবে, এমনটা ধরে নেবেন না। প্রতারণার শিকার হলে দ্রুত ব্যাঙ্কে জানান। সাইবার আর্থিক জালিয়াতির অভিযোগ জানাতে 1930 নম্বরে ফোন করুন অথবা cybercrime.gov.in-এ অভিযোগ দায়ের করুন। আতঙ্ক নয়, যাচাই করাই এই প্রতারণা ঠেকানোর প্রথম শর্ত।