
Electricity Meter Earth Light On: ফ্রিজ, এসি তেমন চালাননি। অথচ প্রচুর বিল আসছে। দেখে কেমন খটকা লাগছে? হতে পারে, আপনার অজান্তেই কোনও কারণে বিদ্যুৎ খরচ হয়ে চলেছে। আর তার কারণেই বেশি বেশি বিল আসছে। তেমন কিছু হচ্ছে কিনা, তা জানার সবচেয়ে সহজ উপায় রইল এই প্রতিবেদনে। তাই শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন ও গোটা বিষয়টি ভাল করে বুঝে নিন।
ডিজিটাল বা স্মার্ট মিটার থেকেই পুরো বিষয়টি বোঝা যাবে। এই আলো জ্বলা মানেই বাড়ির তারে বা কোনও বৈদ্যুতিক যন্ত্রে সমস্যা রয়েছে। সময় থাকতে সেই ত্রুটি সারানো না হলে বিদ্যুতের অপচয় হতে পারে। বাড়তে পারে বিলও।
মিটারের কোন আলো দেখবেন?
ডিজিটাল মিটারে সাধারণত Ph, Rev, Cal এবং Earth-এর মতো লেখা-সহ একাধিক ইন্ডিকেটর থাকে। এর মধ্যে কয়েকটি আলো জ্বলা বা নেভা স্বাভাবিক। তবে মিটারে ‘Earth’ বা ‘Temper’ লেখা আলো জ্বলতে থাকলে বিষয়টি খতিয়ে দেখা জরুরি। মিটারের ধরন অনুযায়ী এই ইন্ডিকেটরের কাজ আলাদা হতে পারে। তাই শুধু আলো দেখেই মিটারে গোলমাল হয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না।
Earth বা Temper আলো কেন জ্বলে?
বাড়ির বৈদ্যুতিক তারে ত্রুটি থাকলে এই ধরনের সতর্কবার্তা দেখা যেতে পারে। যেমন, নিউট্রাল ও আর্থ তারের মধ্যে সংযোগে সমস্যা, তারের ইনসুলেশন নষ্ট হওয়া কিংবা কোনও যন্ত্রে বিদ্যুতের লিকেজ। কুলার, গিজার বা ইনভার্টারের মতো যন্ত্রেও ত্রুটি দেখা দিতে পারে। মিটারের সঙ্গে কারচুপি হয়েছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা প্রয়োজন। তবে আলো জ্বললেই মিটারে কারচুপি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।
বিল বেশি এলে কী করবেন?
মিটারে ‘Earth’ বা ‘Temper’ আলো জ্বলতে থাকলে প্রথমেই লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে ডাকুন। বাড়ির তার, আর্থিং এবং বৈদ্যুতিক যন্ত্র পরীক্ষা করানো জরুরি। কোথাও ত্রুটি থাকলে তা দ্রুত সারাতে হবে। নিজে থেকে মিটার খুলবেন না। কোনও তারেও হাত দেবেন না। যন্ত্রের গায়ে বিদ্যুতের শক লাগলে ব্যবহার বন্ধ করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
মিটারে সমস্যা নয় তো?
বাড়ির ভিতরের তার ও যন্ত্রে কোনও ত্রুটি না মিললে বিদ্যুৎ দফতরে অভিযোগ জানান। মিটার কিংবা বাইরে থেকে আসা বিদ্যুতের সংযোগ পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। বিদ্যুৎ দফতরের কর্মীরাই বিষয়টি খতিয়ে দেখবেন। মনে রাখবেন, মিটারের আলো জ্বললেই বিল দ্বিগুণ হবে, এমন নয়। তবে সম্ভাব্য ত্রুটি দ্রুত পরীক্ষা করালে বিদ্যুতের অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।