
রথযাত্রায় নবদ্বীপ ধাম যাওয়ার জন্য এবার স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া ডিভিশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রথ ও উল্টোরথ মিলে এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ডিভিশন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রথযাত্রা’ এবং ‘উল্টা রথযাত্রা’ মেলার সময় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে ১৬ জুলাই ও ২৪ জুলাই হাওড়া ও নবদ্বীপ ধামের মধ্যে এক জোড়া EMU স্পেশাল ট্রেন চালানো হবে।
কখন এ ট্রেন চালানো হবে?
রেলের তরফে জানানো হয়েছে ০৩০৯৫ হাওড়া- নবদ্বীপ ধাম EMU স্পেশাল লোকাল ১৬ ও ২৪ জুলাই হাওড়া থেকে ছাড়বে সকাল ৯টা বেজে ৩২ মিনিটে। সেটি নবদ্বীপ ধাম গিয়ে পৌঁছবে ঠিক দুপুর ১২টায়। যাত্রাপথে ট্রেনটি ব্যাণ্ডেল স্টেশনে থামবে ১০টা বেজে ৩২ মিনিটে। সেখানে ৩ মিনিটের জন্য থামবে ট্রেনটি। তবে যাত্রাপথে অন্য সব স্টেশনেই ট্রেনটি দাঁড়াবে।
অন্যদিকে, ফিরতি পথে ০৩০৯৬ নবদ্বীপ ধাম- হাওড়া EMU স্পেশাল লোকাল দু'দিনই নবদ্বীপ থেকে ছাড়বে দুপুর ২টো বেজে ৩০ মিনিটে। সেটি হাওড়া পৌঁছবে বিকেল ৫ টার সময়। ব্যান্ডেল স্টেশনে ফিরতি পথে দুপুর ৩টে ৫৫ মিনিটে দাঁড়াবে ট্রেনটি। তবে এক্ষেত্রে স্টপেজ মিলবে ২ মিনিটের। ফেরার সময়েও সবকটি স্টেশনেই ট্রেনটি স্টপেজ পাবে।
কলকাতা-পুরী ট্রেন
অন্যদিকে, রথযাত্রা উপলক্ষে কলকাতা থেকে পুরী যাওয়ারও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যেমন - ০৩১০১ কলকাতা - খুরদা রোড স্পেশাল ট্রেনটি ১৩, ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে।
আবার ৩১০২ খুরদা রোড–কলকাতা স্পেশাল ট্রেনটি ১৪, ১৭, ১৮, ২২, ২৫ এবং ২৬ জুলাই বিকেল ৩ টে ৪০ মিনিটে খুরদা রোড থেকে ছেড়ে পরের দিন রাত ২টোয় কলকাতায় পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ব্যবস্থা থাকবে।
উত্তরবঙ্গ থেকে পুরী যাওয়ার স্পেশাল ট্রেন
০৩৪০৩ মালদা টাউন– পুরী স্পেশাল ট্রেনটি ১৪ এবং ২২ জুলাই বেলা ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে পরের দিন সকাল সাড়ে ৫টায় পুরী পৌঁছবে।
আবার ফিরতি পথে ০৩৪০৪ পুরী–মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৭ এবং ২৫ জুলাই সন্ধে ৬টায় পুরী থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউন পৌঁছবে।