Advertisement

EPFO : চাকরিজীবীদের জন্য বড় সুখবর, PF-এর ৯০ শতাংশ টাকা তোলার সুযোগ, বদলাচ্ছে EPFO-র নিয়ম

এ ছাড়া বিশেষ পরিস্থিতিতে আর্থিক প্রয়োজনে PF থেকে টাকা তোলার ব্যবস্থা রয়েছে। তবে কোন ক্ষেত্রে কত টাকা তোলা যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট নিয়ম, সদস্যের যোগ্যতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কতবার টাকা তোলা হয়েছে, তার উপর।

EPFO EPFO
Aajtak Bangla
  • 19 Nov 2026,
  • अपडेटेड 5:20 PM IST
  • তবে এই নিয়মের অর্থ এই নয় যে, যে কোনও সদস্য যে কোনও কারণে ইচ্ছেমতো ৯০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন
  • টাকা তোলার ক্ষেত্রে যোগ্যতা, প্রয়োজন, নির্দিষ্ট সীমা এবং অন্যান্য নিয়ম মানতে হবে

চাকরিজীবীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রভিডেন্ট ফান্ড বা PF থেকে টাকা তোলার নিয়ম আরও সহজ করার সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫৫ বছরের কম বয়সি যোগ্য সদস্যরা নির্দিষ্ট শর্তে নিজেদের PF-এর জমা টাকার ৯০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। শুধু তাই নয়, চাকরি হারানোর পর PF-এর টাকা তোলার জন্য অপেক্ষার সময়ও কমিয়ে দুই মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবসরের পর একবারে পুরো টাকা তুলে নেওয়ার বদলে কিস্তিতে টাকা পাওয়ার ব্যবস্থাও চালু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)।

PF-এর ৯০ শতাংশ টাকা তোলার সুযোগ

নতুন সিদ্ধান্তে PF অ্যাকাউন্টে ন্যূনতম জমা রাখার পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত পূরণ করলে যোগ্য সদস্যরা নিজেদের PF-এর ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন। আগে অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ শতাংশ টাকা রেখে বাকি ৭৫ শতাংশ তোলার সুযোগ ছিল।

তবে এই নিয়মের অর্থ এই নয় যে, যে কোনও সদস্য যে কোনও কারণে ইচ্ছেমতো ৯০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। টাকা তোলার ক্ষেত্রে যোগ্যতা, প্রয়োজন, নির্দিষ্ট সীমা এবং অন্যান্য নিয়ম মানতে হবে। অবসরের জন্য কিছু টাকা PF অ্যাকাউন্টে রেখে দেওয়ার ব্যবস্থাও বজায় থাকছে।

চাকরি হারালে অপেক্ষা করতে হবে মাত্র দু'মাস

PF-এর টাকা তোলার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। চাকরি হারানোর পর PF-এর টাকা তোলার জন্য আগে ১২ মাস অপেক্ষা করতে হত। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা কমিয়ে দুই মাস করার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে চাকরি চলে গেলে বা কর্মহীন অবস্থায় পড়লে যোগ্য সদস্যরা আগের তুলনায় দ্রুত PF-এর টাকা পাওয়ার সুযোগ পাবেন।

অবসরের পর কিস্তিতে মিলবে PF-এর টাকা 

Advertisement

EPFO-র নতুন সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল 'সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান' বা SWP। এই ব্যবস্থায় অবসরের পর PF অ্যাকাউন্টে জমা পুরো টাকা একবারে তুলে নিতে হবে না। বরং নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে টাকা পাওয়ার সুযোগ থাকবে। ফলে PF-এর সঞ্চয়কে অবসরের পর নিয়মিত আয়ের একটি উৎস হিসেবে ব্যবহার করতে পারবেন সদস্যরা।

কোনও সদস্য কিস্তিতে টাকা পাওয়ার সময় মারা গেলে তাঁর নমিনি বা নির্ভরশীলরা অবশিষ্ট টাকা তুলে নিতে পারবেন। চাইলে নির্ধারিত নিয়ম মেনে কিস্তিতে টাকা পাওয়াও চালিয়ে যেতে পারবেন। তবে এই SWP ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় নিয়ম সংশোধনের প্রক্রিয়া এখনও বাকি। রিপোর্ট অনুযায়ী, সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রায় দু'মাসের মধ্যে এটি চালু হতে পারে।

কোন কোন প্রয়োজনে PF-এর টাকা তোলা যাবে?

চিকিৎসা, শিক্ষা, বিয়ে এবং বাড়ি কেনা বা তৈরির মতো বিভিন্ন প্রয়োজনে PF থেকে আংশিক টাকা তোলার সুযোগ রয়েছে। বাড়ি বা জমি কেনা, বাড়ি তৈরি, গৃহঋণ শোধ কিংবা পুরনো বাড়ি সংস্কারের জন্যও নির্দিষ্ট শর্তে টাকা তোলা যায়।

এ ছাড়া বিশেষ পরিস্থিতিতে আর্থিক প্রয়োজনে PF থেকে টাকা তোলার ব্যবস্থা রয়েছে। তবে কোন ক্ষেত্রে কত টাকা তোলা যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট নিয়ম, সদস্যের যোগ্যতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কতবার টাকা তোলা হয়েছে, তার উপর।

সব মিলিয়ে, EPFO-র এই সিদ্ধান্তে চাকরিজীবীদের PF-এর সঞ্চয় প্রয়োজনের সময় ব্যবহার করার সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে অবসরের পর কিস্তিতে টাকা পাওয়ার ব্যবস্থা চালু হলে দীর্ঘমেয়াদি সঞ্চয়কে একবারে শেষ না করে ধাপে ধাপে ব্যবহার করাও সহজ হবে। 

Read more!
Advertisement
Advertisement