
বেসরকারি চাকরিতেও পেনশন আছে। সে ক্ষেত্রে কোনও কর্মীকে টানা ১০ বছর চাকরি করতে হবে। তাহলেই সেই ব্যক্তি পেনশনের দাবিদার। EPFO-এর নিয়ম অনুযায়ী, কোনও কর্মী ১০ বছর বেসরকারি সংস্থায় চাকরি করলে তিনি পেনশন পেতে পারেন। তবে এই স্কিমের লাভ পেতে গেলে একটি শর্ত মানতে হবে কর্মীদের।
কত টাকা পেনশন খাতে জমা পড়ে?
বেসরকারি কর্মীদের বেতনের একটা বড় অংশ PF খাতায় জমা হয়। নিয়ম অনুযায়ী, বেতন+DA-এর ১২ শতাংশ PF অ্যাকাউন্টে জমা হয়। কর্মীর পুরো টাকাটা EPF-এ জমা হয়। সংস্থার ৮.৩৩ শতাংশ অবদান জমা হয় EPS বা পেনশন যোজনায়। বাকি ৩.৬৭ শতাংশ জমা পড়ে পিএফ অ্যাকাউন্টে।
অঙ্কটি কী রকম?
EPFO-র নিয়ম অনুযায়ী, টানা ১০ বছর বেসরকারি চাকরি করলে পেনশনের দাবিদার হবেন কর্মী। ৯ বছর ৬ মাস চাকরি করলেও তা ১০ বছর হিসেবেই ধরা হয়। কিন্তু ৯ বছরের কম হলে, তা গৃহীত হয় না। তখন পেনশন অ্যাকাউন্টে জমা রাশি অবসরের আগেও তোলা যায়। সে ক্ষেত্রে তিনি আর পেনশন পাবেন না।
এখন প্রশ্ন হল, কোনও কর্মী যদি ৫ বছর, ৫ বছর করে দুটি পৃথক সংস্থায় চাকরি করেন, তা হলে কী হবে? কিংবা দুটি চাকরির মধ্যে দু বছরের গ্যাপ রয়েছে, তা হলে কি পেনশন মিলবে? অনেক সময় চাকরি চলে যাওয়া বা অন্যান্য কাজে অনেকেরই দু বছরের গ্যাপ হয়ে যায়। সেক্ষেত্রে কী হবে?
EPFO-র নিয়ম জানুন
EPFO নিয়ম অনুযায়ী, গ্যাপ থাকলেও ১০ বছরের সময়সীমা পূরণ করা যায়। কিন্তু শর্ত হল, চাকরি করাকালীন সংশ্লিষ্ট কর্মী UAN নম্বর বদলাতে পারবেন না। কারও, ওই নম্বরেই পিএফ অ্যাকাউন্টে জমা মোট টাকা দেখা সম্ভব। দুটি চাকরির মাঝে কিছু সময় গ্যাপ থাকলেও, UAN নম্বর অবপরিবর্তীত থাকলে গ্যাপ ধরা হয় না। সেক্ষেত্রে ১০ বছরের সময়সীমায় কোনও প্রভাব পড়ে না।
যেমন, কোনও ব্যক্তি একটি সংস্থায় ৫ বছর ধরে কাজ করছেন। তার আগে একটি চাকরির পরে কোনও কারণে দু বছরের গ্যাপ হয়ে গিয়েছিল। আগের কোম্পানিতে তিনি টানা ৬ বছর কাজ করেছেন। সেক্ষেত্রে পুরনো UAN নম্বরই যদি অপরিবর্তিত থাকে, গ্যাপ থাকলেও পেনশন পাবেন।