
EPFO PF Withdrawal News: প্রভিডেন্ট ফান্ড (PF) তুলতে আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না। চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এবার নতুন করে জমা পড়া অধিকাংশ PF ক্লেম ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি করা হবে। এমনই টার্গেট নিয়েছে সংস্থা। এমনকি অনেক ক্ষেত্রে একই দিনেও টাকা মঞ্জুর হয়ে যেতে পারে। ফলে এমার্জেন্সি কেসে PF এর টাকা পাওয়ার জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। নয়াদিল্লিতে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস সামিটে এই ঘোষণা করেন EPFO-র সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার (CPFC) রমেশ কৃষ্ণমূর্তি। তাঁর বক্তব্য, সংস্থার পুরনো ক্লেমের জট প্রায় পুরোপুরি কাটিয়ে ফেলা হয়েছে। এখন নতুন প্রযুক্তির সাহায্যে অধিকাংশ আবেদন অটোম্যাটিক প্রসেসে অ্যাপ্রুভ করা হচ্ছে। ফলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এখন অনেক বেশি এফিসিয়েন্ট।
একই দিনেই মিলতে পারে PF-এর টাকা
রমেশ কৃষ্ণমূর্তি জানান, বর্তমানে প্রায় ৯০ শতাংশ PF ক্লেম অটো সেটলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। ফলে সদস্যদের নতুন আবেদন জমা পড়ার পর অধিকাংশ ক্ষেত্রেই সেই দিনই অথবা সর্বোচ্চ দু'দিনের মধ্যে ক্লেম মিটিয়ে দেওয়া সম্ভব।
এতদিন অনলাইনে PF তোলার আবেদন করার পর KYC যাচাই সম্পূর্ণ হলে সাধারণত ৭ থেকে ১০ ওয়ার্কিং ডে সময় লাগত। নতুন ব্যবস্থায় সেই সময় অনেকটাই কমে যাবে বলে আশা করছে EPFO। এর ফলে জরুরি চিকিৎসা, বাড়ি কেনা, পড়াশোনা বা অন্য প্রয়োজনের জন্য PF এর টাকা দ্রুত হাতে পেয়ে যাবেন।
BHIM অ্যাপের মাধ্যমে PF ক্লেম, আসছে নতুন সুবিধা
PF পরিষেবাকে আরও সহজ করতে আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে EPFO। খুব শীঘ্রই BHIM অ্যাপের মাধ্যমে PF ক্লেম সেটলের ব্যবস্থা চালু হবে।
এই নতুন ব্যবস্থায় সদস্যদের UPI লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি PF এর টাকা পাঠানো হবে। EPFO জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই এই পরিষেবা চালুর লক্ষ্যে কাজ চলছে। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে আরও কম সময় লাগবে।
সুদের হার বাড়বে?
অনুষ্ঠানে EPF এর সুদের হার(Interest Rate) নিয়েও প্রশ্ন ওঠে। বর্তমানে EPF এ ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই হার বাড়ানো হবে কি না, সেই বিষয়ে এখনই কোনও প্রতিশ্রুতি দিতে চাননি রমেশ কৃষ্ণমূর্তি।
তিনি বলেন, এই মুহূর্তে সুদের হার বৃদ্ধি নিয়ে মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে EPFO ইতিমধ্যেই একটি বড় সাফল্য অর্জন করেছে। চলতি বছরের ৩ জুলাই একসঙ্গে ৩৪ কোটিরও বেশি সদস্যের অ্যাকাউন্টে প্রায় ১.৪৪ লক্ষ কোটি টাকা সুদ জমা করা হয়েছে। তাঁর মতে, এত বড় পরিসরে সুদ জমা করার ঘটনা EPFO র অন্যতম উল্লেখযোগ্য সাফল্য।
আরও সহজ পরিষেবা
EPFO জানিয়েছে, আগামিদিনে শুধু সদস্যদের পরিষেবাই নয়, সংস্থার সঙ্গে যুক্ত নিয়োগকারী সংস্থাগুলির জন্যও নিয়মকানুন আরও সহজ করা হবে। কমপ্লায়েন্স অর্থাৎ শর্তাবলী সরল করার পাশাপাশি ডিজিটাল পরিষেবা আরও মডার্ন করার উপর জোর দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অটো সেটলমেন্ট, UPI র মাধ্যমে টাকা পাঠানো এবং দ্রুত ক্লেম নিষ্পত্তির হলে দেশের কোটি কোটি চাকরিজীবী উপকৃত হবেন। PF এর টাকা তোলার প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি দ্রুত, স্বচ্ছ এবং সহজ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।