
জ্বালানির ক্ষেত্রে আমদানির উপর নির্ভরতা কমাতে ইথানলের উপর ভরসা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের এই উচ্চাভিলাষী কর্মসূচিতে এবার ধাক্কা। এ বছর বর্ষার মরশুমে দেশে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। এল নিনোর কারণে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে প্রায় ১৩ শতাংশ কম হয়েছে। ফলে ভুট্টা ও আখের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘাটতির ফলে ফসলগুলোর দামও রেকর্ড পরিমাণ বেড়ে গিয়েছে।
কতটা দাম বাড়ল?
ভুট্টা ও চিনির দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। অন্যদিকে চালের দাম বেড়েছে ২০ শতাংশ। সেপ্টেম্বরে খুচরো খাদ্য মুদ্রাস্ফীতি ৭.৭৪ শতাংশে পৌঁছেছে, যা আগের মাসে ছিল ৫.৯৭ শতাংশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি চিনি ও ভুট্টার ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে, পেট্রোলে মেশানো ইথানলের অনুপাত বর্তমানের ২০ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে নেমে আসতে পারে।
E20 কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সুরক্ষা পরিকল্পনার একটি প্রধান অংশ। এই প্রকল্পের আওতায় পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো হয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এই কর্মসূচির ফলে তেল আমদানি বাবদ প্রায় ২ ট্রিলিয়ন রুপি বা ২১.১ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।
তবে অনুমান করা হয়েছিল, ২০ শতাংশ হিসেবে পেট্রোলে ইথানল মেশানো হলে বার্ষিক সাশ্রয় আনুমানিক ৪৩০ বিলিয়ন টাকা হবে। ভারত নির্ধারিত সময়ের প্রায় পাঁচ বছর আগেই এই লক্ষ্য অর্জন করেছে। তবে, কাঁচামালের ঘাটতি এবার পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি সিজনে তেলে ইথানল মিশ্রণের হার প্রায় ১৫ থেকে ১৭ শতাংশ হতে পারে। যদিও সরকার এখনও এমন কোনও সিদ্ধান্ত জানায়নি।
পুরোটাই নির্ভর করবে ভুট্টার দামের উপর
পেট্রোলে ইথানল মেশানো কম হবে কিনা, তা স মূলত ভুট্টার দামের ওপর নির্ভর করবে। কেএন এগ্রি রিসোর্সেস-এর চেয়ারম্যান এবং ফুড পলিসি বিশেষজ্ঞ জিকে সুদের মতে, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, তাই খরার বছরে জ্বালানির চেয়ে খাদ্যকে অগ্রাধিকার দিতে হবে।
ডিস্টিলারিগুলোর উপর চাপ এবং সরকারি পদক্ষেপ
ইথানল উৎপাদন বাড়াতে অনেক কোম্পানি ইতিমধ্যেই বড় অঙ্কের ঋণ নিয়ে তাদের উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ২০ বিলিয়ন লিটার পর্যন্ত বাড়িয়েছে। এখন, মিশ্রণের হার কমে যাওয়ায় অতিরিক্ত উৎপাদন ক্ষমতার সমস্যা তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কমপক্ষে চারজন উৎপাদক জানিয়েছেন, তারা মিশ্রণের হার ১৫ থেকে ১৭ শতাংশে নেমে আসার আশঙ্কা করেছেন।