
ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (FD) নতুন নিয়ম। ১ অক্টোবর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র নতুন নির্দেশিকা জারি হচ্ছে। সে সম্পর্কে আগে থেকেই জেনে রাখা প্রয়োজন। এই পরিবর্তনের ফলে FD-র সুদের হার বাড়ছে বা কমছে না ঠিকই। তবে সুদের হার নির্ধারণ, প্রকাশ এবং একই ধরনের আমানতের ক্ষেত্রে গ্রাহকদের সমান সুবিধা নিশ্চিত করতে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। RBI-র এই নির্দেশিকা দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, স্মল ফিনান্স ব্যাঙ্ক, রিজ়িওনাল রুরাল ব্যাঙ্ক (RRB), লোকাল এরিয়া ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক এবং আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মূল উদ্দেশ্য হল FD-র ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনা এবং একই ধরনের আমানতে গ্রাহকদের মধ্যে বৈষম্যের সম্ভাবনা দূর করা।
একই ধরনের FD-তে একই সুদের হার
নতুন নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহক যদি একই দিনে, একই পরিমাণ অর্থ এবং একই মেয়াদের জন্য একটি ব্যাঙ্কে FD করেন, তা হলে সেই ব্যাঙ্কের যে শাখাতেই আমানত রাখা হোক না কেন, সুদের হার একই থাকবে।
এর অর্থ, একই ব্যাঙ্কের বিভিন্ন শাখায় একই ধরনের FD-র জন্য আলাদা সুদের হার দেওয়ার সুযোগ আর থাকবে না। একই শর্তে করা সমস্ত আমানতের ক্ষেত্রে একটিই নির্দিষ্ট সুদের হার প্রযোজ্য হবে। এতে গ্রাহকদের জন্য পরিষেবা আরও স্বচ্ছ ও একরূপ হবে।
ওয়েবসাইটেই আগে থেকে জানাতে হবে সুদের হার
RBI জানিয়েছে, প্রতিটি ব্যাঙ্ককে তাদের FD-র সুদের হার আগাম নিজেদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। একবার যে সুদের হার প্রকাশ করা হবে, তার বাইরে গিয়ে পরে আলাদা হার দেওয়ার সুযোগ থাকবে না।
বিশেষ করে বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে প্রতিটি কার্যদিবসে সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট সুদের হার ওয়েবসাইটে আপলোড করতে হবে। বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হতে পারে। ফলে গ্রাহকেরা সহজেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।
বাল্ক ডিপোজিট
নতুন নির্দেশিকায় বাল্ক ডিপোজিটের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এই ধরনের বড় অঙ্কের আমানতের সুদের হার নির্ধারণে ব্যাঙ্কগুলিকে আরও বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে।
Liquidity Coverage Ratio (LCR)-এর নিয়ম মেনে বিভিন্ন ধরনের বাল্ক ডিপোজিটের জন্য পৃথক সুদের হার নির্ধারণ করা যাবে। একই নীতি নির্দিষ্ট ক্ষেত্রে NRI আমানতের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।
FD-র সুদের হার কি বদলাবে?
অনেকেরই প্রশ্ন, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর FD-র সুদের হার কি বাড়বে বা কমবে?
RBI স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশিকার সঙ্গে সুদের হার বাড়ানো বা কমানোর কোনও সম্পর্ক নেই। সুদের হার আগের মতোই সংশ্লিষ্ট ব্যাঙ্ক তাদের তহবিলের প্রয়োজন, বাজার পরিস্থিতি, তারল্য এবং অর্থ সংগ্রহের খরচ বিবেচনা করে নির্ধারণ করবে। নতুন নিয়মের লক্ষ্য মূলত সেই হার প্রকাশ এবং প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।
FD করার আগে কী দেখবেন?
বিশেষজ্ঞদের মতে, ১ অক্টোবরের পর নতুন FD করার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত সুদের হার দেখে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, প্রকাশিত হারই হবে কার্যকর হার। একই ব্যাঙ্কের অন্য কোনও শাখায় গিয়ে কম সুদ পাওয়ার সুযোগ আর থাকবে না।