
Fixed Deposit vs Mutual Fund: টাকা কোথায় রাখবেন? ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD), না কি মিউচুয়াল ফান্ড? এক দিকে নির্দিষ্ট সুদের নিশ্চয়তা, অন্য দিকে বাজারের ওঠানামার সঙ্গে বেশি রিটার্নের সম্ভাবনা। ফলে বিনিয়োগের আগে দু’টির পার্থক্য বোঝা জরুরি। শুধু বেশি লাভের আশায় মিউচুয়াল ফান্ডে টাকা ঢাললেই যে সম্পদ বাড়বে, এমন কোনও নিশ্চয়তা নেই।
FD-তে প্রফিট বেশি কেন?
ফিক্সড ডিপোজিটে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখলে আগে থেকে ঠিক করা সুদের হার পাওয়া যায়। বাজার পড়লেও সেই সুদের হার বদলায় না। তাই যাঁরা ঝুঁকি নিতে চান না, তাঁদের কাছে FD তুলনামূলক নিরাপদ বিকল্প। অবসরপ্রাপ্ত ব্যক্তি বা যাঁদের নির্দিষ্ট সময়ে টাকার প্রয়োজন, তাঁদের জন্য এটি কার্যকর হতে পারে। তবে মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে জরিমানা বা সুদ কম পাওয়ার আশঙ্কা থাকে। সুদের আয় করযোগ্য। মনে রাখবেন, ব্যাঙ্কের আমানতে ডিআইসিজিসি-র নিয়ম অনুযায়ী একই ব্যাঙ্কে একই অধিকার ও একই ক্ষমতায় রাখা মূলধন ও সুদ মিলিয়ে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা রয়েছে।
মিউচুয়াল ফান্ড মানেই কোটিপতি হয়ে যাবেন?
মিউচুয়াল ফান্ডে অনেক বিনিয়োগকারীর টাকা একত্র করে শেয়ার, বন্ড বা অন্য সম্পদে বিনিয়োগ করা হয়। ইকুইটি ফান্ড দীর্ঘ মেয়াদে বেশি রিটার্ন দিতে পারে। কিন্তু বাজার পড়লে লোকসানও হতে পারে। কোনও নির্দিষ্ট লাভের নিশ্চয়তা নেই। ডেট ফান্ডেও সুদের হার ও ঋণগ্রহীতার ঝুঁকি থাকে। তাই FD-র সঙ্গে মিউচুয়াল ফান্ডের তুলনা করার সময় ঝুঁকি, সময়সীমা এবং করের বিষয়টি মাথায় রাখতে হবে।
না বুঝে বিনিয়োগ নয়
সবচেয়ে বড় ভুল হল, অন্যের কথা শুনে মিউচুয়াল ফান্ডে টাকা ঢেলে দেওয়া। বন্ধু, আত্মীয় বা সমাজমাধ্যমের পরামর্শ আপনার আর্থিক অবস্থার সঙ্গে নাও মিলতে পারে। কোন ফান্ডে টাকা যাচ্ছে, ঝুঁকি কতটা, খরচ কত, টাকা কখন প্রয়োজন; এসব না বুঝে বিনিয়োগ বিপজ্জনক। পড়াশোনা করে নিজে বুঝতে না চাইলে এই ধরনের বিনিয়োগ থেকে দূরে থাকাই শ্রেয়। প্রয়োজনে সেবি-নিবন্ধিত আর্থিক পরামর্শদাতার সাহায্য নিন।
তাহলে কোনটি বেটার?
নিরাপত্তা ও নির্দিষ্ট সুদ চাইলে FD বিবেচনা করুন। ঝুঁকি বুঝে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে পারলে মিউচুয়াল ফান্ড ভাবতে পারেন। শেষ পর্যন্ত বেশি রিটার্ন নয়, নিজের প্রয়োজন ও ঝুঁকি নেওয়ার ক্ষমতাই সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত।