
মধ্যবিত্তের পকেটে জোর ধাক্কা। সাধারণ মানুষকে চাপে ফেলে শীঘ্রই বাড়তে পারে রান্না ঘরের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। সেই তালিকায় রয়েছে তেল, বিস্কুট, থেকে শুরু করে পাউরুটি পর্যন্ত। দেশের নামীদামি FMCG কোম্পানিগুলি বেশ কয়েকটি জিনিসে দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। আগামী মাস, অর্থাৎ সেপ্টেম্বর থেকেই মুদ্রাস্ফীতির এই ধাক্কা বেশ ভালোভাবেই টের পেতে পারে আমজনতা।
রিপোর্ট বলছে, মুদ্রাস্ফীতি, কাঁচামালের মূল্যবৃদ্ধির জেরে আগামী সেপ্টেম্বর মাস থেকেই ব্রিটানিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর-এর মতো কোম্পানগুলি নিজেদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কিছু জিনিসের দাম বাড়িতে দিতে পারে।
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এফএমসিজি কোম্পানিগুলো মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক জিনিসের দাম বৃদ্ধি করার রাস্তায় হাঁটছে। কোম্পানিগুলি জানিয়েছে, ক্রমবর্ধমান জিনিসের দাম ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা তাদের মুনাফার ওপর ধাক্কা দিয়েছে। এছাড়াও, এল নিনোর সম্ভাব্য প্রভাব সংক্রান্ত ঝুঁকির বিষয় নিয়েও চিন্তিত রয়েছে কোম্পানিগুলি।
কোন জিনিসের দাম কত বাড়তে পারে?
ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ মূলত ৫ ও ১০ টাকার বিস্কুটের প্যাকেটে অতিরিক্ত ১.৫-২% মূল্যবৃদ্ধির আশঙ্কা করছে। পিটিআই-এর খবর অনুযায়ী, ব্রিটানিয়ার MD ও CEO রক্ষিত হরগাভে এই মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়ে বলেছেন, তাদেরকে চিনি এবং পাম তেলের মতো প্রধান কাঁচামালের ক্রমবর্ধমান খরচের সম্মুখীন হতে হচ্ছে। যার জেরে এই কোয়ার্টারে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। যদি সামগ্রিক প্রভাব ১% হয়,সেক্ষেত্রে দামে ১.৫ শতাংশ থেকে শতাংশ দাম বৃদ্ধি হতে পারে।
গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড গত জুন কোয়ার্টারেই সমস্ত জিনিসের দাম গড়ে প্রায় ৫% বাড়িয়ে গ্রাহকদের জোর ধাক্কা দিয়েছে। এবার সেপ্টেম্বর ত্রৈমাসিকেও ফের দাম বৃদ্ধি হতে পারে। তবে সূত্রের দাবি, অতিরিক্ত দাম বৃদ্ধি করার কারণে আগে কোম্পানি বর্তমানে জিনিসের দামের পরিবর্তন পর্যবেক্ষণ করছে।
ব্রিটানিয়া ও গোদরেজের পাশাপাশি ডাবর ইন্ডিয়াও আগামী দিনে গ্রাহকদের উপর মুদ্রাস্ফীতির বোমা ফেলতে পারে। কাঁচামালের জন্য ব্যপক ব্যয়, এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে নিজেদের লাভের মার্জিন ধরে রাখতে কোম্পানিগুলি জিনিসের দাম বাড়াতে পারে।