
১ জুন থেকে সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। রাজ্যের যে কোনও প্রান্তে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। অন্যান্য রাজ্যে মহিলারা এতদিন এই সুবিধা পেলেও বাংলায় সদ্য চালু হতে চলেছ এই ব্যবস্থা। তার বিস্তারিত গাইডলাইন প্রস্তুত করছে রাজ্য পরিবহণ দফতর।
বিজেপি এবার তাদের নির্বাচনী ইস্তাহারেই জানিয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি-করে দেবে। সেই মতো প্রথম ক্যাবিনেট বৈঠকেই তা ঘোষণা করা হয়। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে গাইডলাইন তৈরি করে ফেলেছে রাজ্যের নতুন সরকার। আপাতত সরকারিভাবে সেই গাইডলাইন প্রকাশ না করা হলেও পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে একটি বিধি তৈরি করা হয়েছে।
কী সেই গাইডলাইন?
সূত্রের খবর, একজন মহিলা যিনি সরকারি বাসে উঠবেন, তাকে প্রমাণ করতে হবে যে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক। সেক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ড বা যেকোনও পরিচয়পত্রের মাধ্যমে তাঁকে প্রমাণ করতে হবে তিনি এই রাজ্যের নাগরিক। তাহলেই কন্ডাক্টারের পক্ষ থেকে মহিলাকে শূন্য টাকা মূল্যের একটা টিকিটও দেওয়া হবে। এর জন্য সরকারি বাসের ড্রাইভার ও কন্ডাক্টারদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। শূন্য টাকা মূল্যের যে টিকিট মহিলারা পাবেন সেখানে অশোক স্তম্ভ থাকবে। বর্তমানে রাজ্যে ২৩০০টি সরকারি বাস সচল রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইলেকট্রিক বাসের জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু করছে পরিবহণ দফতর।
পরবর্তীতে যা করা হবে
প্রাথমিকভাবে মহিলা যাত্রীদের দেওয়া হবে শূন্য মূল্যের টিকিট। পরবর্তীতে বিশেষ কার্ড চালু করারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের। আর পুরো বিষয়টি যাতে মসৃণভাবে হয়, সেজন্য ১ জুনের আগেই চালক এবং কন্ডাক্টরদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে সূত্রের খবর। পরিবহণ দফতর আগামী দিনে মহিলাদের জন্য বিশেষ কার্ড চালু করারও ভাবনাচিন্তা করছে। সেই কার্ড দেখালেই সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বলে রাজ্য সরকার সূত্রে খবর। সরকারি এসি, নন এসি, দূরপাল্লার যাবতীয় সরকারি বাসেই এই সুযোগ মিলবে।
কোথা থেকে মিলবে এই কার্ড?
এবিষয় এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে মনে করা হচ্ছে, বিডিও, এসডিও অফিস,পুরসভাতে মিলবে এই কার্ড।
মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের নিয়ম
ইতিমধ্যেই পরিবহণ দফতরের তরফে সরকারি বাসে সমীক্ষা করা হয়েছে। কত সংখ্যক মহিলা শহরে প্রতিদিন সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যেই বা কত মহিলা চড়েন, এই যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। সূত্রের খবর, কলকাতা শহরে প্রতিদিন ১ লক্ষ ৮০ হাজার মহিলা সরকারি বাসে যান। গোটা রাজ্যে সংখ্যা ৪ লক্ষের কাছাকাছি। সেইসঙ্গে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াত করতে হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে।