
বিয়ের মরসুম। তার আগেই দাম কমল সোনা ও রুপোর। গত সপ্তাহে দুই ধাতুরই দাম লাগাতার ওঠানামা করেছে। তবে অবশেষে এক ধাক্কায় বেশ খানিকটা সস্তা হল সোনা-রুপো। বিশেষত রুপোর দাম একধাক্কায় যেভাবে কমেচে, তা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স (MCX)-এ গত পাঁচ দিনের লেনদেনে রুপোর দাম প্রতি কেজিতে এক লাফে ১৪,০০০ টাকারও বেশি কমেছে। পাল্লা দিয়ে নিম্নমুখী হলুদ ধাতুর গ্রাফও। প্রতি ১০ গ্রাম সোনার দামও হাজার তিনেক টাকা কমেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারের অস্থিরতা এবং লগ্নিকারীদের মুনাফা তোলার হিড়িকের জেরেই এই পতন।
এমসিএক্স-এ রুপোর দরে বড় পতন
গত সপ্তাহের শুরু থেকেই এমসিএক্স বা ফিউচার মার্কেটে রুপোর দামে বড়সড় ধস নামতে দেখা যায়। যদিও সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবার সামান্য ঘুরে দাঁড়িয়ে সবুজ সঙ্কেতে মার্কেট ক্লোজ হয়েছিল। কিন্তু পুরো সপ্তাহের হিসাব কষলে দেখা যাবে লগ্নিকারীরা বেশ বড়সড়ই ধাক্কা খেয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বরের এক্সপায়ারি যুক্ত ১ কেজি রুপোর দাম গত ৩ জুলাই ফিউচার ট্রেডিংয়ে ২,৩৭,৪১০ টাকায় ক্লোজ হয়েছিল। কিন্তু গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় তা হু হু করে নেমে আসে ২,২২,৬৮০ টাকায়। অর্থাৎ, মাত্র পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজি রুপো ১৪,৭৩০ টাকা সস্তা হয়েছে।
দাম কমল সোনারও
রুপোর পাশাপাশি গত সপ্তাহে সোনারও দাম কিছুটা কমেছে। গত ৩ জুলাই এমসিএক্স-এ প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,৪৭,৩৭৮ টাকায় ক্লোজ হয়েছিল। গত শুক্রবার বাজার বন্ধের সময় তা কমে দাঁড়ায় ১,৪৩,৪৮ টাকা। অর্থাৎ, মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩,৮৯৮ টাকা।
চলতি বছরের জানুয়ারিতেই সোনা ও রুপো দুই ধাতুই তাদের সর্বকালীন রেকর্ড স্তর বা ‘লাইফ টাইম হাই’ ছুঁয়ে ফেলেছিল। তখন এমসিএক্স-এ রুপোর দাম প্রথমবার ৪ লাখ টাকার গণ্ডি পার করে প্রায় ৪.২০ লাখ টাকায় পৌঁছে গিয়েছিল। সোনা পৌঁছেছিল ২.০২ লাখ টাকা/১০ গ্রামে। সেই তুলনায় বর্তমান দর অনেকটাই কম।
ডোমেস্টিক রিটেল মার্কেটে সোনা-রুপোর দাম
ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর ওয়েবসাইট অনুযায়ী, গত এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৬,৩৪৪ টাকা থেকে ২,৯৭৬ টাকা কমে দাঁড়িয়েছে ১,৪৩,৩৬৮ টাকায়।
অন্য দিকে, ডোমেস্টিক মার্কেটে রুপোর দামও গত সপ্তাহের ২৩,৩৮,৫৮ টাকা প্রতি কেজি থেকে ১৩,৪৬৮ টাকা কমে শুক্রবার রাতে ২,২০,৩৯০ টাকায় ক্লোজ হয়েছে। তবে অলঙ্কার বিশেষজ্ঞদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, এই দাম কিন্তু আইবিজেএ-এর মূল দর। এর সঙ্গে যখন গ্রাহকেরা দোকান থেকে গয়না কিনবেন, তখন এর সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি (GST)। সঙ্গে মেকিং চার্জ বা গয়না গড়ার মজুরিও যোগ হবে। রাজ্য এবং দোকান ভেদে এই মজুরি আলাদা হওয়ায় ফাইনাল দাম কিছুটা বেশি হবে।