
Harley Davidson X440 Price Hike: সামান্য বাড়ল হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তার মোটরবাইকের দাম। জনপ্রিয় Harley-Davidson X440 সিরিজের সব ক’টি ভ্যারিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে X440 কিনতে গেলে ক্রেতাদের আরও কিছু টাকা গুনতে হবে। বিশেষ করে X440 T ভ্যারিয়েন্টের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ভারতে Hero MotoCorp-এর সঙ্গে যৌথ উদ্যোগে Harley-Davidson X440 তৈরি হয়। ইতিমধ্যেই এই বাইক মধ্যবিত্ত বাইকপ্রেমীদের নজর কেড়েছে। রয়্যাল এনফিল্ডের দামে হার্লে চালানোর শখ মেটাচ্ছেন অনেকেই। তবে নতুন দাম বাড়ার ফলে এই বাইকের বিভিন্ন ভ্যারিয়েন্ট এখন আগের তুলনায় আরও একটু দামী হয়ে গেল।
কতটা দাম বাড়ল?
Harley-Davidson X440 সিরিজে বর্তমানে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে; Vivid, S এবং T।
বেস ভ্যারিয়েন্ট X440 Vivid-এর দাম ১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। মূল্যবৃদ্ধির পর এই মডেলের এক্স-শোরুম দাম দাঁড়িয়েছে ২.৩৬ লক্ষ টাকা।
অন্যদিকে X440 S ভ্যারিয়েন্টের দাম বেড়েছে ৪,০০০ টাকা। আগে যার দাম ছিল ২.৫৫ লক্ষ টাকা, এখন সেটি কিনতে খরচ হবে ২.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
সবচেয়ে বেশি দাম বেড়েছে X440 T ভ্যারিয়েন্টের। এই মডেলের দাম ৫,০০০ টাকা বাড়িয়ে ২.৮৪ লক্ষ টাকা এক্স-শোরুম করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাজারে আসে এই ভ্যারিয়েন্ট। লঞ্চের পর এই প্রথম এর দাম বাড়ানো হল।
ইঞ্জিন ও পারফরম্যান্স
X440 সিরিজের তিনটি ভ্যারিয়েন্টেই রয়েছে ৪৪০ সিসির সিঙ্গল-সিলিন্ডার, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ২৭ হর্সপাওয়ার শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপাদন করে।
বাইকটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে আসে। শহরের রাস্তা থেকে হাইওয়ে— দুই ক্ষেত্রেই পারফরম্যান্সের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এই ইঞ্জিন তৈরি করা হয়েছে।
X440 T-তে কী কী ফিচার রয়েছে?
X440 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট হল X440 T। এই মডেলে রয়েছে একাধিক আধুনিক ফিচার।
এর মধ্যে উল্লেখযোগ্য হল Ride-by-Wire থ্রটল, দুটি রাইডিং মোড, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল এবং সুইচেবল ABS। পাশাপাশি রিডিজাইন করা রিয়ার সাব-ফ্রেম, পরিবর্তিত টেল সেকশন এবং নতুন গ্র্যাব রেলও দেওয়া হয়েছে।
মূল্যবৃদ্ধির আগেও X440 T ছিল সিরিজের সবচেয়ে দামি মডেল। নতুন দামের পর এটি এই সেগমেন্টের অন্যতম ব্যয়বহুল মোটরবাইক হিসেবেও জায়গা ধরে রাখল।
এই দামে আর অল্টারনেটিভ কী আছে?
Harley-Davidson X440 T-এর সরাসরি প্রতিযোগিতা রয়েছে Triumph Scrambler 400, Honda CB350 RS এবং Royal Enfield Classic 350-এর সঙ্গে।
Triumph Scrambler 400-এর এক্স-শোরুম দাম ২.৫৩ লক্ষ টাকা। Honda CB350 RS-এর দাম শুরু হচ্ছে ১.৯৮ লক্ষ টাকা থেকে। অন্যদিকে Royal Enfield Classic 350-এর দাম ১.৮৬ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকার মধ্যে।
ফলে দাম বাড়ার পর Harley-Davidson X440 সিরিজ আরও প্রিমিয়াম সেগমেন্টেই চলে গেল বলেই মনে করছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা।