
HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা। সতর্ক ভাবে না চললে এবার আচমকাই পকেট থেকে গচ্ছা যেতে পারে বেশ কিছু টাকা। বিশেষ করে HDFC ব্যাঙ্কের যে গ্রাহকেরা ATM থেকে UPI ব্যবহার করে টাকা তোলেন তাঁদের পকেটে ধাক্কা লাগতে চলেছে। কারণ আগামী ১ এপ্রিল থেকে UPI ব্যবহার করে ATM থেকে টাকা তোলাকেও নির্ধারিত ATM থেকে টাকা তোলার নিয়মের ক্ষেত্রে আনছে HDFC ব্যাঙ্ক।
নিয়মটি সহজে বুঝুন
এতদিন HDFC ব্যাঙ্কের গ্রাহকরা নিজস্ব এটিএম থেকে মাসে ৫ বার বিনামূল্যে টাকা তুলতে পারতেন। অন্য ব্যাঙ্কের ATM এর ক্ষেত্রে মেট্রো শহরে তিনটি এবং নন-মেট্রো এলাকায় পাঁচটি বিনামূল্যে লেনদেনের সুবিধা পাওয়া যেত। কিন্তু ১ এপ্রিল, ২০২৬ থেকে সেই নিয়মেও বদল আসছে। আগামী মাসের প্রথম দিন থেকেই UPI -এর মাধ্যমে ATM থেকে টাকা তোলাকেও এই ফ্রি লেনদেনের সীমার মধ্যে ধরা হচ্ছে।
এরফলে কী হবে?
এরফলে আগে যেখানে কোনও HDFC ব্যাঙ্কের গ্রাহক মাসে ৫ বার নিজস্ব ATM থেকে টাকা তোলার পর, UPI -এর মাধ্যমে ফের নিখরচায় টাকা তুলতে পারতেন। তা আর হবে না। বরং UPI -এর মাধ্যমে ATM থেকে টাকা তুললেও তা ATM থেকে সাধারণ উত্তোলন হিসেবেই গণ্য হবে।
HDFC ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলায় চার্জ কত?
ফ্রি লেনদেনের সীমা পার করলে প্রতিবার সফল ট্রানজাকশনের পর HDFC ব্যাঙ্কের তরফে ২৩ টাকা চার্জ করা হয়। এছাড়াও, এই টাকার সঙ্গে যুক্ত করা হয় GST-ও।
কিছু গ্রাহকেরা ছাড় পাবেন
আসলে HDFC ব্যাঙ্কের কিছু স্পেশাল অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন, যারা ATM থেকে যত বার ইচ্ছে, ততবারই লেনদেন করতে পারেন। এর মধ্যে রয়েছে Biz Lite+, Biz Pro+, Biz Ultra+, Biz Elite+, Flexi, Plus, Activ, Ascent, Max Advantage, Max, Professional, Ecomm, Apex, Ultima, Merchant Advantage, Supreme, Startup (Smartup Alpha), SmartupMax, Smartup Growth এবং Giga Current Account।