
দেশের বেসরকারি খাতের বৃহত্তম ব্যাঙ্ক HDFC এবার গ্রাহকদের জোর ধাক্কা দিল। মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট অর্থাৎ MCLR বৃদ্ধি করল ব্যাঙ্কটি। সাতটি মেয়াদের সব ক্ষেত্রেই MCLR ৫ থেকে ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই ৭ নভেম্বর থেকে নতুন রেট কার্যকরও করা হয়েছে। ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে হোম লোন, পার্সোনাল লোন এবং অন্য লোনের দাম বাড়তে পারে।
MCLR রেট বৃদ্ধির ফলে HDFC ব্যাঙ্কের MCLR ৭.৭৫% থেকে বেড়ে ৭.৮৫-৮.৭০% এর মধ্যে দাঁড়িয়েছে। আগে এই রেট ছিল ৭.৭৫% থেকে ৮.৫৫% এর মধ্যে।
MCLR কত বাড়ল?
ছয় মাস, এক বছর, দুই বছর এবং তিন বছর মেয়াদের জন্য MCLR ১৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। অন্য মেয়াদের জন্য MCLR ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এক বেসিস পয়েন্ট সমান ০.০১ শতাংশ।
কত টাকা EMI দিতে হবে?
যদি আপনি ২০ বছরের মেয়াদে ৮% সুদের হারে ২০ লক্ষ টাকার একটি MCLR-যুক্ত লোন নিয়ে থাকেন, তাহলে আপনার সুদের হার এখন বেড়ে ৮.১৫ শতাংশ হবে। এর মানে আপনার EMI-ও বাড়বে। ৮% সুদে আপনার ইএমআই ছিল ১৬,৭২৯ টাকা, এবং এখন ৮.১৫% হারে আপনার মাসিক কিস্তি হবে ১৬,৯১৬ টাকা। এর মানে আপনার মাসিক কিস্তি প্রায় ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
কোন গ্রাহকরা প্রভাবিত হবেন?
MCLR বৃদ্ধির ফলে সেইসব গ্রাহক প্রভাবিত হতে পারেন, যাদের হোম লোন, পার্সোনাল লোন, অটো লোন বা অন্য ফ্লোটিং রেট লোনের সুদ MCLR-এর সঙ্গে সংযুক্ত। তবে, এর মানে এই নয় যে সকল গ্রাহকের EMI বাড়বেই।