
হন্ডা-র টু হুইলার সেক্টরের জন্য অগাস্ট মাসটা দারুণ কাটল। সেপ্টেম্বরের শেষে আসা অগাস্টের রিপোর্টে দেখা যাচ্ছে, অগাস্ট জুড়ে ৫ লক্ষ ১৭ হাজার ৩৩১টি বাইক বিক্রি করেছে হন্ডা। যা কিনা ২০২৫ সালের অগাস্টের তুলনায় ৭.৫৪ শতাংশ বেশি। সংখ্যার বিচারে গত বছরের অগাস্টের তুলনায়, এই অগাস্টে বাইক বিক্রি বেড়েছে ৩৬ হাজার ২৭৩টি। এমনকি ২০২৬ সালের জুলাই মাসের তুলনাতেও এই সংখ্যা ৮.৫৮ শতাংশ বেশি। জুলাই মাসে কোম্পানিটি ৪ লক্ষ ৭৬ হাজার ৪৩৬টি বাইক বিক্রি করেছিল।
কোন বাইক সবচেয়ে বেশি বিক্রি হল?
কোম্পানির পোর্টফোলিওতে নজর রাখলে দেখা যাচ্ছে, ২০২৬ সালের অগাস্টে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হন্ডা অ্যাক্টিভা। তবে বাইকের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হন্ডা শাইন। হন্ডার স্টকে একাধিক শাইন মডেল রয়েছে। বর্তমানে কোম্পানির পোর্টফোলিওতে ১০০সিসি এবং ১২৫সিসি ইঞ্জিনের বিভিন্ন শাইন বিক্রি করে।
কত ইউনিট বিক্রি হয়েছে?
২০২৬ সালের অগাস্ট মাসে শাইন ১২৫ এবং এসপি ১২৫ মডেলের মোট ১,৬০,৭৩১টি বাইক বিক্রি করেছে হন্ডা। শুধুমাত্র শাইন মডেলের জন্যই কোম্পানিটি অগাস্ট মাসে ১,৮০,৬২৬টি বাইক বিক্রি করেছে। গত বছরের আগস্টের তুলনায় এই মডেলের বিক্রি ১০% বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের আগস্ট মাসে কোম্পানিটি মোট ১,৬৩,৯৬৩টি বাইক বিক্রি করেছিল।
হন্ডা শাইন ১০০
শাইন ১০০-এর কথা ধরলে দেখা যাচ্ছে, কোম্পানিটি আগস্ট মাসে ১৯,৮৯৫ টি ইউনিট বিক্রি করেছে। গত অগাস্টের তুলনায় এ বছর বাইকটির বিক্রি ১২.০৯ শতাংশ কমেছে। মোটরসাইকেল সেগমেন্টে শাইন হল হন্ডার সবচেয়ে জনপ্রিয় নাম।
এই বাইকটির দাম এক্স শোরুম হিসেবে কলকাতায় রয়েছে ৬৫ হাজার ৬৪০ টাকা। EMI দিয়ে কিনলে মাত্র ১০ হাজারেরও কম ডাউন পেমেন্টে বাইকটি কেনা সম্ভব। দাম কম থাকায় ব্যাপক বিক্রি হয়েছে এই বাইকটি।
পাশাপাশি, শাইন ১২৫-এর দাম রয়েছে ৮৭ হাজার টাকার আশেপাশে। এসপি ১২৫-এর দাম ৯৭,৩৩৫ টাকা। শাইন ১২৫-এ রয়েছে একটি ১২৩.৯৪ সিসি, ৪-স্ট্রোক ইঞ্জিন যা ৮ কিলোওয়াট শক্তি এবং ১০.৯ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে।
শাইন ছাড়াও, হন্ডার অপর জনপ্রিয় মডেলটি হল ইউনিকর্ন। অগাস্ট মাসে ৩৫,৩৯৪ টি ইউনিকর্ন বিক্রি করেছে কোম্পানি। এরপরে তালিকায় রয়েছে হন্ডা ডিও। ২৭,৬৫০টি ডিও বিক্রি হয়েছে অগাস্ট মাসে।