
ইরানে যুদ্ধ চলছে। বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। আর এমন পরিস্থিতিতে ভারতে LPG নিয়ে ত্রাহী ত্রাহী রব উঠেছে। চিন্তিত গৃহস্থ। বাড়িতে গ্যাস আসবে কি না, তা নিয়ে চিন্তায় ঘুম হচ্ছে না অনেকের।
যদিও সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, দেশে LPG-এর কোনও সমস্যা নেই। দেশে কোনও সঙ্কট নেই। চাইলেই গ্যাস পাওয়া যাবে। তবে সতর্ক থাকতে চাইছে সরকার। তাই একটি গ্যাস ডেলিভারির পর অপর একটি গ্যাস বুকিং করার সময়টা ২১ থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। এর মাধ্যমেই গ্যাস মজুত আটকাতে চাইছে সরকার।
কিন্তু এমন অবস্থাতেও অনেকের মনে গ্যাস বুকিং নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। কেউ কেউ জানতে চাইছেন বছরে কতগুলি গ্যাস বুক করা সম্ভব? আর সেই উত্তরটা জানতে প্রতিবেদনটি পড়ুন।
কতগুলি গ্যাস এক বছরে বুক করা যায়?
প্রতিবছর একটি পরিবার ১২টি রান্নার গ্যাস বুক করতে পারে। ১৪.২ কেজি গ্যাসের জন্যই এই নিয়মটা লাগু রয়েছে। এই সিলিন্ডারগুলিতে ভর্তুকি পাওয়া সম্ভব। এগুলি বাজার মূল্যের থেকে কম দামে মেলে।
আবার আপনি যদি ৫ কেজি ওজনের গ্যাস ব্যবহার করেন, সেক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। এমন ক্ষেত্রে ৩৪টি পর্যন্ত গ্যাস আপনারা পেতে পারে। এগুলিতেও ভর্তুকি মিলবে।
কোটার বাইরেও মিলবে
একটি গৃহস্থ চাইলে কোটার বাইরেও গ্যাস কিনতে পারে। সেক্ষেত্রে ১২টির বদলে ১৫টি পর্যন্ত গ্যাস বুক করা যায়। এমন পরিস্থিতিতে ১২টি পাওয়া যাবে বাজার মূল্যের থেকে কম দামে। পাশাপাশি এগুলিতে মিলবে ভর্তুকিও। এরপরের ৩টিতে কিছুই পাওয়া যাবে না। বাজার দরেই গ্যাস কিনতে হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ বাকি ৩টি গ্যাস বেশি দামে কিনতে হবে।
ডেলিভারি মিলবে কতদিনে?
বাজারে সঙ্কট রয়েছে বলে খবর। তাই অনেকেই গ্যাস বুক করে রাখতে চাইছেন। কিন্তু বুকিং নিচ্ছে না। শুধু তাই নয়, বুকিং হলেও গ্যাস মিলছে না বলে অনেকেই অভিযোগ করছেন।
যদিও কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গ্যাস বুক করার মাত্র আড়াই দিনের মধ্যে ডেলিভারি করা হবে। তাই 'প্যানিক' করতে বারণ করা হয়েছে তাদের পক্ষ থেকে।
কিন্তু বললেই আর শুনছে কে! এখনও অনেকেই ভয়ে ভয়ে আগেভাগে গ্যাস বুক করেছেন। তার ফলেই সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।