
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhaar Link) করিয়েছেন? এই একটি কাজ মিস হলেই কিন্তু আপনার প্যান নাম্বার ইনঅপারেটিভ(Inoperative PAN) হয়ে যেতে পারে। আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, প্যান কার্ড একবার ইনঅপারেটিভ হয়ে গেলে আর কোনও নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। কারণ এক জনের নামে দু'টি প্যান কার্ড থাকা দণ্ডনীয় অপরাধ। তবে চিন্তার কিছু নেই, বাড়িতে বসেই অনলাইনেই ১,০০০ টাকা লেট ফি বা জরিমানা দিয়ে অচল প্যান কার্ড পুনরায় সক্রিয় বা অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এর জন্য কী করতে হবে? আসুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক।
আধার-প্যান লিঙ্ক না থাকলে কী হতে পারে?
আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডই এখন মেন ডকুমেন্ট। আয়কর আইন, ১৯৬১-এর ধারা ১৩৯AA অনুযায়ী, এই প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। প্যান কার্ড ইনঅপারেটিভ হয়ে গেলে
আপনার কোনও বকেয়া আয়কর রিফান্ড (Income Tax Refund) থাকলে তা আটকে যাবে।
রিফান্ড পেতে দেরি হলেও তার ওপর কোনও সুদ পাওয়া যাবে না।
ব্যাংক বা অন্য কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেক চড়া রেটে টিডিএস (TDS) এবং টিসিএস (TCS) কাটা হবে।
নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা মিউচুয়াল ফান্ডে বড় বিনিয়োগ করতে পারবেন না।
লিঙ্ক করার সহজ পদ্ধতি
১ জুলাই ২০১৭ বা তার আগে যাদের প্যান কার্ড ইস্যু করা হয়েছিল, তাঁদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক। এখন সময়সীমা পেরিয়ে যাওয়ায় ১,০০০ টাকা জরিমানা দিয়ে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালের (E-Filing Portal) মাধ্যমে এই কাজটি করতে হবে। এর জন্য আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর (OTP-র জন্য) প্রয়োজন।
প্রথম ধাপ: লেট ফি বা জরিমানা জমা দেওয়ার নিয়ম
প্রথমে আয়কর দফতরের অফিশিয়াল ই-ফাইলিং পোর্টালে যান।
হোমপেজের ‘Quick Links’ সেকশন থেকে 'Link Aadhaar' অপশনে ক্লিক করুন।
আপনার প্যান এবং আধার নম্বর দিয়ে ভেরিফাই করুন এবং 'Continue to Pay Through e-Pay Tax' বিকল্পটি বেছে নিন।
আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে, সেটি দিয়ে সাবমিট করুন।
পেমেন্ট পেজে গিয়ে সঠিক মূল্যায়ন বছর (Assessment Year) বেছে নিয়ে 'Fee for delay in linking PAN-Aadhaar' ট্যাবে ক্লিক করুন।
এবার নেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা জরিমানা পেমেন্ট করুন।
দ্বিতীয় ধাপ: আধার-প্যান লিঙ্ক
পেমেন্ট হয়ে গেলে এবার ফের পোর্টালের 'Link Aadhaar' সেকশনে যান।
আপনার প্যান ও আধার নম্বর দিন। এবার সিস্টেম আপনার পেমেন্টের বিবরণটি স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই করে নেবে।
এরপর আপনার নাম এবং মোবাইল নম্বর দিয়ে 'Link Aadhaar' এ ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি দিয়ে সাবমিট করলেই লিঙ্কিংয়ের অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে।
আপনার আধার-প্যান লিঙ্ক হল কিনা তা চেক করার জন্য ওই পোর্টালেরই 'Link Aadhaar Status' অপশনে যান। সেখানে প্যান ও আধার নম্বর দিলেই কারেন্ট স্ট্যাটাস জানতে পারবেন।