
পশ্চিমবঙ্গে পালা বদলের পরই রেশন কার্ডের দিকে বিশেষ নজর দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তাদের দাবি, পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। মৃত মানুষের নামেও অ্যাক্টিভ রয়েছে কার্ড। এমন পরিস্থিতিতে দ্রুত ভুয়ো কার্ড এবং মৃত মানুষের রেশন কার্ড বাতিল করার কাজে লেগে পড়েছে সরকার। সেই মতো চলছে অভিযান। ইতিমধ্যেই প্রচুর রেশন কার্ড ক্যানসেল হয়ে গিয়েছে। অসংখ্য কার্ডকে করা হয়েছে ডিঅ্যাক্টিভেট। এখন প্রশ্ন হল, আপনার কার্ডটি ঠিক আছে তো? রেশন কার্ড বাতিল হয়নি তো? আসুন রেশন কার্ড ক্যানসেল হয়েছে নাকি অ্যাক্টিভ রয়েছে, সেই স্ট্যাটাস চেক জানার পদ্ধতি জেনে নেওয়া যাক।
ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক
মাথায় রাখতে হবে, বর্তমানে রেশন কার্ডে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে সরকার। এই কাজটা ঠিক ঠাক সময়ে সম্পন্ন না করলেই রেশন তোলা যাচ্ছে না। কার্ডটা সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তাই সবার প্রথমে ই-কেওয়াইসি-এর কাজটা সেরে ফেলুন। তাহলেই রেশন কার্ড চালু থাকবে।
আসলে বাংলায় মূলত AAY, SPHH, PHH, RKSY 1 ও RKSY 2- এই কয়েকটি ধরনের রেশন কার্ড রয়েছে। এই সবকটি কার্ডেই বিনামূল্যে রেশন পাওয়া যায়। তবে AAY, SPHH, PHH-এর কার্ডে রেশন পাওয়া যায় বেশি। আর RKSY 1 ও RKSY 2-তে রেশন কিছুটা কম পাওয়া যায়।
রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন কীভাবে?
রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা কঠিন কোনও কাজ নয়। বরং ঘরে বসে মোবাইলে খুব সহজেই স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট food.wb.gov.in-এ যান। সেখানে গিয়ে হোমপেজেই পাবেন e-Citizen বা Services মেনু। সেই মেনু থেকে Check Ration Card Status অপশনে ক্লিক করুন। তারপর একটা নতুন পেজ খুলবে। সেই পেজে নিজের রেশন কার্ড নম্বর লিখে দিন। সেই পেজেই একটা ক্যাপচা দেখতে পাবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করলেই কার্ডটি অ্য়াক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট রয়েছে, সেটা দেখা যাবে।
কার্ড যদি ডিঅ্যাক্টিভেট দেখায়?
কিছু ক্ষেত্রে কার্ডটা ডিঅ্যাক্টিভেট দেখাতে পারে। তবে তেমনটা দেখলে ঘাবড়ে যাবেন না। বরং ওই ওয়েবসাইটেই কে-ওয়াইসি করে ফেলতে হবে। আধার কার্ড দিয়ে ই-কেওয়াইসি সেরে নিলেই কাজ হবে। তবে এরপরও যদি স্ট্যাটাস না বদলায়, তাহলে আর বসে থেকে লাভ নেই। বরং দ্রুত যেতে হবে রেশন দোকান বা খাদ্য দফতরের অফিসে। তাহলেই কাজ হবে।