
প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ। ৯২.৮৮ শতাংশ রেকর্ড ভোটিং হয়েছে। এবার পালা দক্ষিণবঙ্গের একাধিক জেলার। এই পর্যায়ে কলকাতাতেও ভোট। তাই ইতিমধ্যেই দক্ষিণবঙ্গবাসী ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। আর মাথায় রাখতে হবে, ভোট দেওয়ার জন্য প্রথমত প্রয়োজন ভোটার লিস্টে নাম থাকা। দ্বিতীয় প্রয়োজন, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর খোঁজা। আর এই সব কিছুই আপনি ভোটার স্লিপে পাবেন।
মাথায় রাখতে হবে, এবার কমিশন কঠোর নিয়ম করেছে ভোটার স্লিপের ক্ষেত্রে। কোনও রাজনৈতিক দলের কর্মী নন, বরং বিএলও-রাই ভোটার স্লিপ দিচ্ছেন। কিন্তু মুশকিল হল, এখনও অনেকেই ভোটার স্লিপ পাননি। তাই তাঁরা নিজেদের সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর জানেন না। এখন প্রশ্ন হল, এমনটা আপনার সঙ্গে হলেও কী করবেন? কীভাবে জেনে নেবেন বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর? আর সেই উত্তরটাই জানান হল নিবন্ধটিতে।
কীভাবে জেনে নেবেন?
খুবই সহজে আপনি নিজের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর জেনে নিতে পারেন। এক্ষেত্রে ইন্টারনেটে voters.eci.gov.in-এ যান। সেখানে গিয়ে 'সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট' বলে অপশনটিতে ক্লিক করুন। এরপর একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে, মোবাইল নম্বর দিয়ে বা সার্চ বাই ডিটেলসে-এর মধ্যে যে কোনও একটি অপশন বেছে নিন। সেখানে প্রয়োজনীয় তথ্য এবং ক্যাপচা দিয়ে সার্চ করুন। তাহলেই আপনার সামনে চলে আসবে সব তথ্য। আপনি দেখতে পারবেন আপনার পার্ট এবং সিরিয়াল নম্বর কত।
এছাড়া ECINET অ্যাপের মাধ্যমেও আপনি এই তথ্যগুলি পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে অ্যাপটা ডাউনলোড করে নিন। তারপর সেখানেও 'সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট' বলে অপশন পাবেন। সেখানেও একইভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করুন। তাহলেই নিজের পার্ট এবং সিরিয়াল নম্বর সম্পর্কে জেনে নিতে পারবেন। এটা সঙ্গে রাখলেই ভোট দেওয়ার সময় সমস্যা হবে না।
আর যেই পদ্ধতি রয়েছে
একটা সহজ পদ্ধতিও রয়েছে। সেক্ষেত্রে SIR এর সময় যেই বিএলও কাজটা করেছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করুন। তিনিই আপনাকে ভোটার স্লিপ দিয়ে দেবেন। সেই স্লিপ সঙ্গে নিয়ে ভোট দিতে যান।
কী কী নথি নিয়ে ভোট দিতে যাবেন?
আপনার সঙ্গে রাখতে হবে ভোটার স্লিপ। সেটা সঙ্গে রাখলে সমস্যা অনেকটাই হবে কম। আর যাঁদের কাছে ভোটার স্লিপ নেই, তাঁরা কাগজে এই পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটা লিখে রেখে নিয়ে যান। সঙ্গে রাখবেন ভোটার কার্ড। তাহলেই কাজ হবে। অনায়াসে ভোট দিতে পারবেন।