
দিঘাপ্রেমী বাঙালির জন্য বিরাট সুখবর। এবার এসির আরামে শুয়ে শুয়ে পৌঁছে যাওয়া যাবে দিঘা। সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার অত্যন্ত জনপ্রিয় ট্রেন তাম্রলিপ্ত ও কান্ডারী এক্সপ্রেস নিয়ে বিরাট পরিকল্পনা করেছে ভারতীয় রেল। এই ট্রেনের কোচগুলির খোলনলচে বদলে যুক্ত হতে চলেছে একাধিক এসি কোচ। যার ফলে গরমে দিঘা সফর হবে আরও মনোরম। তবে শুধু দিঘা পৌঁছানো নয়। ফেরার পথে কান্ডারি এক্সপ্রেসেও একই পরিবর্তন আনছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।
হাওড়া থেকে সকাল ৬টা ৪৫-এ ছাড়া এই ট্রেনটিতে বর্তমানে জেনারেল কোচ রয়েছে ৩টি। এরমধ্যে ২টি সামনে ও একটি পিছনে। নন-এসি চেয়ার কার রয়েছে ৯টি, এসি চেয়ার কার রয়েছে ২টি, প্যান্ট্রি কার ১ টি ও SLR (লাগেজ-সহ গার্ড ভ্যান) ২টি কোচ রয়েছে।
অন্যদিকে, কান্ডারী এক্সপ্রেসে বর্তমানে ৪টি জেনারেল কোচ, ৯টি নন-এসি চেয়ার কার, ২টি এসি চেয়ার কার, একটি প্যান্ট্রি কার ও SLR (লাগেজ-সহ গার্ড ভ্যান) ২টি কোচ রয়েছে।
দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অগাস্ট থেকে 12857/12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং 22897/22898 কাঁদারি এক্সপ্রেস- দুটি ট্রেনেই একই ধরনের নতুন কোচ কম্পোজিশন থাকবে।
নতুন কম্পোজিশনে থাকবে চারটি করে জেনারেল কোচ, ৫টি নন-এসি চেয়ার কার, ১টি এসি চেয়ার কার, ২টি স্লিপার ক্লাস, ২টি এসি থ্রি-টিয়ার ইকোনমিক, ১টি এসি থ্রি-টিয়ার ক্লাস এবং ১টি প্যান্ট্রি কার। এছাড়াও থাকবে লাগেজ-সহ গার্ড ভ্যান কামরা থাকবে।
২৭ অগাস্ট থেকে হাওড়া-দিঘা-হাওড়া রুটের দুটি ট্রেনেই এই সুবিধা চালু হওয়ার ফলে স্বল্প ভাড়াতেই শুইয়ে এসির মজা উপভোগ করতে পারবে। এছাড়াও, ২টি এসি থ্রি-টিয়ার ইকোনমিক ক্লাস থাকায় সেখানে ভাড়াও কম হতে পারে।