
দিঘা যেতে গিয়ে অনেকেই ট্রেন আর বাসের টিকিট কাটা নিয়ে ঝঞ্জাটে থাকে। এক-দু'দিনের ছুটিতে দিঘা যেতেও এই টিকিট পাওয়া যাবে কিনা, তা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। কিন্তু হাতের কাছে দিঘা যাওয়ার এমন সহজ রাস্তা রয়েছে, যার জন্য দরকার নেই কোনও টিকিট বুকিং-এর। এবার হাওড়া থেকে দিঘা চলে যাওয়া যেতে পারে রিজার্ভেশন ছাড়াই। খরচ হবে মাত্র ৪৫ টাকা।
কীভাবে রিজার্ভেশন ছাড়া ট্রেনে চেপে দিঘা যাবেন?
কোনও এক্সপ্রেস ট্রেনের টিকিট না কেটে আরামসে বসে সিট নিয়ে চলে যেতে পারেন দিঘা। এরজন্য হাওড়া থেকে এক্সপ্রেস নয়। বরং ধরতে হবে লোকাল ট্রেন। তবে হাওড়া থেকে দিঘা যাওয়ার কিন্তু সরাসরি কোনও লোকাল ট্রেন নেই। তাই পাশকুঁড়া গিয়ে ট্রেন বদলে নিলেই কেল্লাফতে করা যেতে পারে। হাওড়া থেকে পাশকুঁড়ার একাধিক লোকাল ট্রেন রয়েছে।
আদৌ ঝামেলার বিষয়ই না
দিঘা থেকে পাশকুঁড়া ও পাঁশকুড়া থেকে হাওড়া রুটে সফর বেশ আরামদায়ক। হাওড়া থেকে পাশকুঁড়া যেতে লোকাল ট্রেনের সময় লাগে ১ ঘণ্টা ৪০ মিনিট। এরপর পাশকুঁড়া স্টেশনে নেমে আরাম করে অথবা ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর ধরে নিতে পারেন দিঘার ট্রেন। পাশকুঁড়া থেকে দিঘা যেতে emu ট্রেনের সময় লাগে মোটামুটি আড়াই ঘণ্টা। তবে এক্ষেত্রে ৫-৭টি ট্রেন চলে। তাই ট্রেনের সময়সূচি দেখে হাওড়া থেকেই প্ল্যান করা উচিত।
৪৫ টাকায় কীভাবে সম্ভব?
হাওড়া থেকে পাশকুঁড়া যাওয়ার ট্রেনের ভাড়া রয়েছে ১৫ টাকা। আর পাশকুঁড়া থেকে দিঘা যাওয়ার লোকাল ট্রেনের ভাড়া রয়েছে ৩০ টাকা। ফলে সব মিলিয়ে মোট ৪৫ টাকায় হাওড়া থেকে দিঘা পৌঁছানো সম্ভব।
যাত্রীদের বক্তব্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় ধীরে ধীরে চললেও এবং সব স্টেশনে স্টপেজ দিলেও এই ট্রেনগুলিতে খুব বেশি ভিড় হয় না। একটু আগে থেকে হাওড়া এসে সিট পাওয়া যেতে পারে। পাশকুঁড়া-দিঘা লাইনে অফিস টাইম ছাড়া, ভিড় কার্যত থাকেই না।