
আজকের দুনিয়ায় বহু মানুষের পকেটেই ক্রেডিট কার্ড রয়েছে। জনপ্রিয় ব্যাঙ্কগুলি গ্রাহকদের সুবিধার্থে এই কার্ড অফার করে। তবে ক্রেডিট কার্ড শুধুমাত্র ব্যবহার করলেই চলবে না। ক্রেডিট কার্ড সংক্রান্ত সব নিয়ম জানা না থাকলে গ্রাহকদের বড় ক্ষতি হতে পারে। বিশেষ করে, যারা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁদের এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। কারণ, ICICI ব্যাঙ্কের তরফে ক্রেডিট কার্ডধারীদের জন্য বেশ কিছু বড় পরিবর্তনের ঘোষণা করেছে।
বৈদেশিক লেনদেনের বোঝা বাড়বে
ICICI ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর থেকে কিছু বিজনেস ও কর্পোরেট ক্রেডিট কার্ডের আন্তর্জাতিক লেনদেন চার্জ আপডেট করছে। কার্ডগুলিতে ডাইনামিক কারেন্সি কনভার্সন ফি ১% থেকে বাড়িয়ে ৩.৫০% করা হচ্ছে। এই পরিবর্তনগুলি ICICI -এর বিজনেস ব্ল্যাক অ্যাডভান্টেজ, বিজনেস ব্লু অ্যাডভান্টেজ, ট্র্যাভেল এজেন্ট কার্ড এবং বিজনেস প্ল্যাটিনাম কার্ডগুলিতে প্রযোজ্য হবে।
কার্ড বদলের জন্য বেশি চার্জ দিতে হবে
ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড নিয়ম পরিবর্তনের তালিকায় পরবর্তী পরিবর্তনটি হল, ক্রেডিট কার্ড বদলের চার্জ বাড়বে। আগামী ১১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। এখন পর্যন্ত, এই নিয়ম বদলের জন্য ক্রেডিট কার্ডধারীদের ২০০ টাকা ও তার সঙ্গে GST চার্জ করা হয়। আগামী মাস থেকে এই চার্জ হবে ৩০০ টাকা ও তারসঙ্গে জুড়বে GST।
৫০ শতাংশ বেশি খরচ করতে হবে
১১ ডিসেম্বর থেকে ক্রেডিট কার্ড বদলের চার্জ বৃদ্ধির ফলে, কোনও ব্যবহারকারীর ক্রেডিট কার্ড ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেলে নতুন কার্ড পেতে এখন থেকে তাঁকে ৫০ শতাংশ বেশি (১০০ টাকা) খরচ করতে হবে। তবে,এক্ষেত্রেও ব্যাঙ্কটি এমেরাল্ড প্রাইভেট মেটাল, ১৮৩৮ রিজার্ভ এবং টাইমস ব্ল্যাক ক্রেডিট কার্ড ব্যবহারকারীসহ কিছু কার্ডকে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
বিনামূল্যে বিমার সুবিধা আর থাকছে না
ICICI ব্যাঙ্ক ঘোষণা করেছে, আগামী মাসের ১৫ তারিখ থেকে কিছু ক্রেডিট কার্ডে বিনামূল্যে দেওয়া বিমার কভার বন্ধ করে দেবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিমার মধ্যে বিমান দুর্ঘটনা কভারও যুক্ত ছিল। কিন্তু তা এবার বাতিল থাকছে। Emeralde Private Metal, Times Black, Emeralde, Emeralde Private, Diamant, Sapphiro, এবং Rubyx ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এটি ধাক্কা হতে চলেছে।
বিনামূল্যে আর সিনেমার টিকিট নয়
ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একাধিক বড় পরিবর্তন এনেছে। এর মধ্যে অন্যতম হল সিনেমাপ্রেমীরা আর বিনামূল্যে সিনেমার টিকিট পাবেন না। ১৫ ডিসেম্বর থেকে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে পাওয়া বিনামূল্যে INOX সিনেমার সুবিধা বন্ধ করে দিচ্ছে। এর মানে হল, Rubyx, Coral, Expressions, MakeMyTrip Platinum, MakeMyTrip Signature, HPCL Super Saver এবং Emirates Rubyx সহ অন্য ক্রেডিট কার্ডে আর বিনামূল্যে সিনেমার টিকিট দেওয়া হবে না।