
India Lithium Refinery: ভবিষ্যতটা ইলেকট্রিকের। বৈদ্যুতিক গাড়ি তো বটেই। পাশাপাশি সৌরবিদ্যুৎ, রিনিউয়েবেল এনার্জিতে জোর দিচ্ছে বিশ্বের প্রায় সব দেশ। স্বাভাবিকভাবেই, ব্যাটারির ব্যবহার দিন দিন বাড়বে। কিন্তু এই ব্য়াটারি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল লিথিয়াম। সেই খনিজের জন্য এখনও চিনের উপর নির্ভর করতে হয় ভারতকে। সেই নির্ভরতা কমাতেই বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। লিথিয়াম ও নিকেল পরিশোধনের জন্য চারটি কারখানা তৈরি হবে। তার জন্য ২,৮১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষ্য, ব্যাটারি তৈরির কাঁচামাল ভারতেইই উৎপাদন করা।
গত ৪ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্ল্যান খুব সহজ। দেশে দু’টি লিথিয়াম এবং দু’টি নিকেল পরিশোধন কেন্দ্র তৈরি হবে। প্রতিটি লিথিয়াম কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা অন্তত ৩০ হাজার টন হতে হবে। নিকেলের ক্ষেত্রে প্রতিটি কারখানার ক্ষমতা হবে ৫০ হাজার টন। মোট ইনভেস্টমেন্টের ৩০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে সরকার।
২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ টানার টার্গেট সেট করেছে কেন্দ্র। তৈরি হতে পারে ৬০ হাজার টন লিথিয়াম এবং ১ লক্ষ টন নিকেল প্রসেসিংয়ের ইউনিট।
ব্যাটারির নামই লিথিয়াম আয়ন। ফলে লিথিয়াম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। বিশ্বের লিথিয়াম পরিশোধনের ক্ষমতার প্রায় ৬৫%-ই চিনের হাতে। ২০২৫ সালে ভারত ১১,১৬০ কোটি টাকা খরচ করে ১৮,২০০ টন লিথিয়াম কম্পাউন্ড আমদানি করেছে। তার প্রায় দুই-তৃতীয়াংশ এসেছে চিন থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে সাপ্লাইয়ে সমস্যা তৈরি হলে ভারতের বৈদ্যুতিক গাড়ি ও শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
তবে শুধু কারখানা তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। উপযুক্ত প্রযুক্তি, পর্যাপ্ত খনিজ এবং সেই প্রোডাক্টের ক্রেতাও প্রয়োজন। এই তিন ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, চিনের তুলনায় প্রোডাকশন কস্ট কম রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ব্যাটারি তৈরির বাজার বাড়াতে ১৪,৫০০ কোটি টাকার পাওয়ার স্টোরেজ ফেসিলিটিও গড়তে হবে। ইতিমধ্যেই তাতে গ্রিন সিগন্যাল দিয়েছে কেন্দ্র। অর্থাৎ, উৎপাদন এবং চাহিদা; দুই দিকেই জোর দিতে চাইছে সরকার। এই পরিকল্পনা সফল হলে ভবিষ্যতে ব্যাটারি শিল্পে ভারতের বিদেশ-নির্ভরতা কমতে পারে। এমনকি বিশ্বের অন্যতম বড় ব্যাটারি সাপ্লায়ার হিসেবেও স্থান করে নিতে পারে ভারত।