
বাংলার রেলপ্রেমীদের জন্য সুখবর। ফের একটি নতুন বন্দে ভারত পেতে পারে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই প্রস্তাবিত রুট নিয়ে বিভিন্ন জোনের সঙ্গে আলোচনা শুরু করেছে রেলবোর্ড। সূত্রের খবর, সব ঠিক থাকলে মালদা টাউন স্টেশন থেকে ছাড়তে চলেছে এই ট্রেনটি। মালদা টাউন থেকে জয়পুর পর্যন্ত বন্দে ভারত স্লিপার চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই প্রস্তাব নিয়ে রেলবোর্ড, ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের সঙ্গে আলোচনা এখনও বাকি।
ফাইনাল হলে ট্রেনটি কোন রুটে চলতে পারে?
রেল বোর্ডের তরফে এই স্লিপার বন্দে ভারতের প্রস্তাব গৃহীত হলে ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে ভাগলপুর জংশন, কিউল, দিনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর জংশন হয়ে জয়পুর স্টেশনে পৌঁছবে।
প্রস্তাবিত টাইম টেবিল কী রয়েছে?
রেল বোর্ডের কাছে যে প্রস্তাব জমা পড়েছে, তাতে মালদা টাউন-জয়পুর স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন থেকে ছাড়বে মঙ্গলবার ও শুক্রবার। অন্যদিকে, ফিরতি পথে ট্রেনটি ছাড়বে বুধবার ও শনিবার।
প্রস্তাব অনুযায়ী, মঙ্গলবার ও শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে ট্রেনটি জয়পুর জংশন পৌঁছাবে পরের দিন সকাল ১০টা বেজে ২০ মিনিটে।
অন্যদিকে, ফিরতি পথে জয়পুর জংশন থেকে সন্ধ্যে ৭টা বেজে ৪৫ মিনিটে ছেড়ে পরের দিন বিকেল ৪টে বেজে ৪৫ মিনিটে পৌঁছবে ট্রেনটি। জয়পুর জংশন থেকে বুধবার ও শনিবার ছাড়বে ট্রেনটি।
যদিও এখনও পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ ভারতীয় রেলের তরফে এখনও এই ট্রেন নিয়ে কোনও অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি।
মালদা টাউন হয়ে ইতিমধ্যেই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চলছে
মালদা টাউনের যাত্রীরা যে এই প্রথম স্লিপার বন্দে ভারত পাবেন তা নয়। চলতি বছরের শুরুতে চালু হওয়া হাওড়া-কামাক্ষ্যা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউনেও স্টপেজ দেয়। এই ট্রেনের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ আরও নিবিড় করা হয়েছে।