
চলতি বছরে দুর্গাপুজো, দীপাবলি ও ছট পুজোর সময় ভিড় সামাল দিতে ১৮,০০০ বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার এই তথ্য জানিয়েছেন। এছাড়াও, যাত্রীরা যাতে আরামে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারেন, সেজন্য প্রায় ২০টি রেল স্টেশনে ওয়েটিং এরিয়া বা অপেক্ষার জায়গা তৈরি করা হয়েছে।
ভিড় কমাতে কী কী ব্যবস্থা?
রেলমন্ত্রী জানান, টিকিট কাউন্টারগুলিও স্টেশন চত্বর থেকে এই ওয়েটিং এরিয়াতে সরিয়ে আনা হয়েছে। এছাড়াও, সিকিউরিটি প্রক্রিয়া দ্রুত করতে এবং লম্বা লাইন এড়াতে অতিরিক্ত স্ক্যানিং কাউন্টার বসানো হয়েছে। অশ্বিনী বৈষ্ণব জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে রেল কর্তৃপক্ষ প্রায় ৭০০টি AI অ্যাক্টিভ ক্যামেরাও বসানো হয়েছে।
বিভিন্ন স্থানে বিশেষ ট্রেন মোতায়েন করা হয়েছে
রেলমন্ত্রী জানান, ভিড় সামাল দিতে বিভিন্ন স্থানে বিশেষ ট্রেন মোতায়েন করা হয়েছে। শাকুর বস্তি, নিজামুদ্দিন, আনন্দ বিহার টার্মিনাল এবং নিউ দিল্লি স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ ট্রেন মোতায়েন করা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে বলেন, গত আর্থিক বছরে ভারতীয় রেল ৭৫,০০০ স্পেশাল ট্রেন চালিয়েছিল, এই বছর এই সংখ্যা ৮০,০০০ ছাড়িয়ে যাবে।
তবে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন নয়। পণ্যবাহী ট্রেন চলাচলও এই বছরে অনেকটা বেড়ে গিয়েছে। কয়লা ও অন্য পণ্যের পরিবহনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রেলমন্ত্রী বলেন, "গত ১০ বছরে ৩৬,০০০ কিলোমিটার অতিরিক্ত রেললাইন বসানো হয়েছে। তবে নতুন লাইন তৈরি এবং ধারণক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য। এটাই একমাত্র স্থায়ী সমাধান। তাই আমাদের অবশ্যই আরও লাইন তৈরি করার কাজ করে যেতে হবে।"