
দেশে ভারতীয় রেলের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে মাকড়সার জালের মতো। সদূর কন্যাকুমারী হোক বা রাজধানী দিল্লি অথবা পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান- দূরপাল্লার যাতায়েতের ক্ষেত্রে দেশবাসীর বড় ভরসা Indian Railways। এই লম্বা জার্নি করার ক্ষেত্রে খিদে মেটানোর তাগিদে সব যাত্রীকেই ভরসা করতে হয় ট্রেনের প্যান্ট্রি কারের উপর। কিন্তু এক্ষেত্রে বারেবারেই খাবারের মান না মানার অভিযোগ ওঠে থার্ড পার্টি সংস্থাগুলির বিরুদ্ধে। খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রায়শই প্রশ্ন উঠেছে।
কিন্তু যাত্রীদের এই অভিযোগ আর করতে দিতে রাজি না ভারতীয় রেল। খাবারের মান ও পরিচ্ছন্নতা উন্নত করতে রেল কর্তৃপক্ষ নিতে চলেছে একটি বড় পদক্ষেপ। প্যান্ট্রি কার এবং বেস কিচেনে এবার সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তুতি নিচ্ছে রেল। প্রাথমিক ভাবে পূর্ব মধ্য রেলপথে চলা প্রিমিয়াম ট্রেনগুলিতে এই ক্যামেরা বসানো হবে।
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার ক্যাটারিং পরিষেবা পর্যালোচনা করতে নয়াদিল্লিতে আইআরসিটিসি ওয়ার রুম পরিদর্শন করেছেন। যাত্রীদের জন্য আরও ভালো ও পরিচ্ছন্ন খাবার নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থা জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, বিষয়টি জোরদার ভাবে চালু করতে প্রথমেই পূর্ব মধ্য রেলওয়ের ৭৩টি প্যান্ট্রি কার এবং মেল ও এক্সপ্রেস ট্রেনে ট্রেন-সাইড ভেন্ডিং পরিষেবা চালু রয়েছে। বেস কিচেনের সংখ্যা বাড়িয়ে ৬২ করা হয়েছে। এই জায়গাগুলিতেই AI সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
AI CCTV ক্যামেরা কীভাবে কাজ করবে?
আজকের আধুনিক সিসিটিভি ক্যামেরা শুধু ভিডিও রেকর্ড করার জন্যই ব্যবহার হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্মার্ট ডিটেকশন সিস্টেমের সাহায্যে ক্যামেরাগুলো অটোমেটিকভাবে ফুটেজ স্ক্যান করে নির্দিষ্ট বস্তু শনাক্ত করতে পারে।
উদাহরণস্বরূপ, যদি কোনো স্থান নোংরা থাকে বা সেখানে দৃশ্যমান পরিচ্ছন্নতার সমস্যা থাকে, তবে সিস্টেমটি তা শনাক্ত করে একটি অ্যালার্ট পাঠাতে পারে, যার ফলে নজরদারি টিম সহজেই সেখানে পৌঁছে যাবে।
প্যান্ট্রি কার এবং রান্নাঘরে এই ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে খাবার তৈরি, মোড়কজাতকরণ এবং সরবরাহের সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরীক্ষণ করা সহজ হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে রেলওয়ের লক্ষ্য হল যাত্রীদের আরও ভালো ও পরিচ্ছন্ন খাবার সরবরাহ করা ।