
বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে সুন্দরবন। কালিম্পঙের পাহাড়ি এলাকা থেকে মন্দারমণির সমুদ্র। এখনও বহু দুর্গম বা প্রত্যন্ত এলাকায় মোবাইলের টাওয়ার বা ফাইবার ইন্টারনেটে সমস্যা হয়। আর সেই সমস্যার একমাত্র সমাধান স্যাটেলাইট ইন্টারনেট। এবার সেই পরিষেবাই চালুর প্রস্তুতি নিচ্ছে মুকেশ আম্বানির রিলায়্যান্স জিও এবং ইলন মাস্কের স্টারলিঙ্ক। প্রতিযোগিতায় রয়েছে এয়ারটেলের ওয়ানওয়েবও। তবে কবে থেকে সাধারণ গ্রাহকেরা এই পরিষেবা পাবেন? খরচই বা কত হবে?
জিও ও স্টারলিঙ্ক কবে চালু হবে?
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালুর জন্য তিন সংস্থাই প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গিয়েছে। তবে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরুর আগে স্পেকট্রাম অ্যালোকেশন এবং সিরিউরিটি সংক্রান্ত ছাড়পত্র প্রয়োজন। ফলে এখনও নির্দিষ্ট করে দিনক্ষণ বলা যাচ্ছে না। সংস্থাগুলির তরফেও এ বিষয়ে ঘোষণা করা হয়নি। তবে তাতে হতাশ হওয়ার কিছু নেই। প্ল্যান সব রেডি-ই।
জিওর প্ল্যানের নাম JioSpaceFiber। লুক্সেমবার্গের SES সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ইতিমধ্যেই সেই স্যাটেলাইট ইন্টারনেটের সফট লঞ্চ করেছে সংস্থা। পাশাপাশি নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রথম স্যাটেলাইট টেস্টিংয়ের টার্গেট সেট করেছে সংস্থা। ২০৩০ সালের মধ্যে ৪০০-৫০০টি এবং ২০৩৫ সালের মধ্যে প্রায় ১,৬০০টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, স্টারলিঙ্ক ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে পরিষেবা দিচ্ছে। তবে ভারতে পরিষেবা শুরুর জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদনের প্রক্রিয়া এখনও বাকি।
কত টাকা খরচ হতে পারে?
এই মুহূর্তে জিও বা স্টারলিঙ্ক, কোনও সংস্থাই ভারতে গ্রাহকদের জন্য চূড়ান্ত মাসিক খরচ ঘোষণা করেনি। আমেরিকার শিকাগোতে স্টারলিঙ্কের বাড়ির ইন্টারনেট পরিষেবার প্রাথমিক মান্থলি প্ল্যান ৫৫ ডলারের। ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা। তবে বলাই বাহুল্য, ভারতের ক্ষেত্রে এত বেশি হবে না। সম্ভবত ভারতের অর্থনীতি ও কম্পিটিশন মাথায় রেখেই প্ল্যান বানাবে স্টারলিঙ্ক। অর্থাৎ, মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি।
স্যাটেলাইট ইন্টারনেট কীভাবে কাজ করবে?
সাধারণ ইন্টারনেটের মতো এখানে কাছেপিঠে মোবাইল টাওয়ারের প্রয়োজন নেই। মাটির নিচে ফাইবার কেবলেরও প্রয়োজন নেই। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা একাধিক স্যাটেলাইটের মাধ্যমে বাড়িতে বসানো টার্মিনালে সিগনাল পৌঁছে যাবে। সেখান থেকে ওয়াই-ফাই রাউটারের সাহায্যেই ইন্টারনেট পেয়ে যাবেন।