
কম পয়সায় যাতায়াতের সেরা মাধ্যম হল ভারতীয় রেল। তাই তো রেলকে দেশের যোগাযোগ মাধ্যমের লাইফলাইন বলা হয়। এর নিয়মে সামান্য বদল এলেও শুরু হয়ে যায় হইচই। আর টিকিট ক্যানসেল করার ক্ষেত্রে এমনই একটা বড় বদল এনেছে ভারতীয় রেল। ১ এপ্রিল থেকেই লাগু হবে নতুন নিয়ম। এই নিয়মটা না জানলে আদতে আপনাদেরই ক্ষতি।
কী জানালেন রেলমন্ত্রী?
মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের টিকিট বাতিলের এই নতুন নিয়ম সম্পর্কে জানান। যার ফলে রেলের টিকিট ক্যানসেল করার সময় অনুযায়ী টাকা রিফান্ড পাওয়ার নিয়মে বদল এসেছে। আসুন সেই নিয়মটা জেনে নেওয়া যাক-
১. আপনি যদি ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল করেন, তাহলে সবথেকে বেশি টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে ক্যানসেলশন চার্জ বা বাতিল করার ফি শুধু কাটা হবে। বাকি টাকা রিফান্ড পেয়ে যাবেন যাত্রীরা।
২. আপনি যদি ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট ক্যানসেল করে দেন, তাহলে ২৫ শতাংশ টাকা কাটা যাবে। বাদবাকি টাকা ফেরত পাবেন।
৩. এছাড়া ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে যদি টিকিট ক্যানসেল করেন, তাহলে ৫০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। বাদবাকি ৫০ শতাংশ টাকা ফেরত পাবেন যাত্রী।
কোথায় নিয়মে বদল?
আসলে রেলের রিজার্ভেশন চার্ট তৈরি হয় ৪ ঘণ্টা আগে। তাই আগে ৪ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল করলেই টাকা পাওয়া যেত। যদিও এখন সেই নিয়মে এসেছে বিরাট বদল। এখন ৪ ঘণ্টা সময়টা বদলে ৮ ঘণ্টা করা হয়েছে। ৮ ঘণ্টার কম সময়ে টিকিট ক্যানসেল করলে আর টাকা পাওয়া যাবে না। এটাই খারাপ খবর।
উন্নত পরিষেবা দেওয়াই লক্ষ্য
মঙ্গলবার যাত্রী পরিষেবা নিয়েও নিজের মতামত জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, যাত্রী পরিষেবা উন্নত করার জন্য এগিয়ে যাচ্ছে ভারতীয় রেল। পাশাপাশি রেল নেটওয়ার্ক আধুনিকীকরণের ক্ষেত্রেও একাধিক সংস্কারের ভাবনাচিন্তা রয়েছে। যার ফলে শীঘ্রই পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে বলে জানিয়ে দিলেন তিনি।
মাথায় রাখতে হবে, ভারতীয় রেল এখন বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বন্দে ভারত থেকে শুরু করে অমৃত ভারতের মতো ট্রেনে দেওয়া হচ্ছে জোর। যার ফলে পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন পড়ছে। এমনকী পরিবর্তন করতে হচ্ছে, একাধিক নিয়ম। আর সেভাবেই টিকিট কাটার নিয়মে বড় বদল এসেছে।