Advertisement

Chicken Price: কলকাতায় রেকর্ড বাড়ল চিকেনের দাম, রবিবার কত দিয়ে কিনবেন?

কলকাতা-সহ শহরতলিতে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে মুরগির মাংসের। মার্চের শুরুতে যেখানে চিকেনের কেজি প্রতি দাম ছিল ২২০-২৩০ এর আশেপাশে। সেই দাম এপ্রিলের শুরুতে এসে দাঁড়িয়েছে প্রায় ২৭০ টাকা।

কলকাতায় ২৭০ টাকা কেজি চিকেনকলকাতায় ২৭০ টাকা কেজি চিকেন
কিশোর শীল
  • কলকাতা,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 3:21 PM IST
  • কলকাতায় চড়চড় করে বাড়তে শুরু করেছে চিকেনের দাম।
  • এপ্রিলের শুরুতে এসে চিকেনের দাম দাঁড়িয়েছে প্রায় ২৭০ টাকা।
  • মুরগির মাংসের কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ।

গরম পড়তেই কলকাতায় চড়চড় করে বাড়তে শুরু করেছে চিকেনের দাম। গত প্রায় সপ্তাহ তিনেক ধরেই কলকাতা-সহ শহরতলিতে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে মুরগির মাংসের। মার্চের শুরুতে যেখানে চিকেনের কেজি প্রতি দাম ছিল ২২০-২৩০ এর আশেপাশে। সেই দাম এপ্রিলের শুরুতে এসে দাঁড়িয়েছে প্রায় ২৭০ টাকা।

কোথায় চিকেনের দাম কত?

আজ বেহালায় চিকেনের প্রতি কেজির দাম রয়েছে ২৭০ টাকা, এয়ারপোর্ট সংলগ্ন মধ্যমগ্রাম-বিরাটি এলাকায় চিকেনের কেজি রয়েছে ২৬০-২৬৫ টাকা। আবার বজবজে প্রতি কেজি চিকেন বিক্রি হচ্ছে ২৬০-২৭০ টাকা দরে। যদিও গোটা মুরগির দাম রয়েছে ১৫০-১৭০ টাকা।

চিকেনের দাম বৃদ্ধির  কারণ কী?

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি bangla.aajtak.in-কে জানান, "প্রচন্ড গরমের জেরেই চিকেনের দাম বেড়ে গিয়েছে। অত্যাধিক গরম পড়ার কারণে খামারেই মুরগি ধুঁকছে। ফলে পোলট্রির উৎপাদন কমে গিয়েছে। যার জেরে দাম বাড়ছে।"

তবে একইসঙ্গে মুরগির মাংসের কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ করেন পোল্ট্রি ফেডারেশনের সভাপতি। তিনি জানান, "বর্তমানে পোলট্রি চাষিদের এক একটি ২ কেজি ওজনের মুরগি উৎপাদন করতে প্রায় ১৫০ টাকা খরচ হচ্ছে। সেই মুরগি বাজারে এলে দাম ২২০-২৩০ টাকা হওয়া উচিত। কিন্তু যারা ২৭০ টাকায় চিকেন বিক্রি করছে তাঁরা অন্যায় করছে। এটা হওয়া উচিত নয়।"

উল্লেখ্য, প্রতি বছরই গরমের সময় মুরগির দাম বাড়ে। বর্ষা নামলেও দাম কমেও যায়। সাধারণত, গরমে প্রতি বছর ২৫০ টাকা ছোঁয় চিকেনের রেট। কিন্তু এবারে গরম পড়তে না পড়তেই ২৭০ টাকা ছুঁয়ে ফেলেছে রেট। ফলে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। এবার কী তবে ৩০০ টাকা কেজি হতে পারে মুরগির দাম?   
 

 

Read more!
Advertisement
Advertisement