Advertisement

অন্য শহরে মেট্রো ১৮ ঘণ্টা চলে, কলকাতায় ১৫ ঘণ্টা, কেন? খোঁজ নিল bangla.aajtak.in

কলকাতার মেট্রো দিল্লি, পুনে ও মুম্বই মেট্রোর থেকে অনেকাংশে পিছিয়ে রয়েছে বলে বারেবারেই অভিযোগ ওঠে। বেশিরভাগ সময়েই যাত্রীরা দাবি করেন পরিষেবা ও চাকচিক্যের দিক থেকে দিল্লি মেট্রোর তুলনায় পিছিয়ে যাচ্ছে কলকাতা মেট্রো।

কলকাতায় মাত্র ১৫ ঘণ্টা কেন?কলকাতায় মাত্র ১৫ ঘণ্টা কেন?
কিশোর শীল
  • কলকাতা,
  • 19 May 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • দিল্লি, পুনে ও মুম্বই মেট্রোর থেকে অনেকাংশে পিছিয়ে রয়েছে বলে বারেবারেই অভিযোগ ওঠে।
  • অন্য মেট্রো সিটির তুলনায় অনেকাংশে পিছিয়ে রয়েছে কলকাতা মেট্রো।
  • কোন শহরে কতক্ষণ মেট্রো পরিষেবা পাওয়া যায়?

কলকাতার মেট্রো দিল্লি, পুনে ও মুম্বই মেট্রোর থেকে অনেকাংশে পিছিয়ে রয়েছে বলে বারেবারেই  অভিযোগ ওঠে। বেশিরভাগ সময়েই যাত্রীরা দাবি করেন পরিষেবা ও চাকচিক্যের দিক থেকে দিল্লি মেট্রোর তুলনায় পিছিয়ে যাচ্ছে কলকাতা মেট্রো। যদিও হালফিলে গ্রিন লাইন, রেড লাইনে উন্নত হয়েছে মেট্রো পরিষেবা। তবে ওই রুটগুলি এখনও যাত্রীদের মূল পছন্দের তালিকায় নেই। বরং ব্লু লাইন- যেখানে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করে, সেই রুট নিয়ে অভাব অভিযোগের ইয়ত্তা নেই যাত্রীদের। কিন্তু শুধুমাত্র উন্নত পরিষেবা নয়, ট্রেন চালানোর সময়সীমার দিক থেকেও অন্য মেট্রো সিটির তুলনায় অনেকাংশে পিছিয়ে রয়েছে কলকাতা মেট্রো।

কোন শহরে কতক্ষণ মেট্রো পরিষেবা পাওয়া যায়?

মুম্বই: দেশের বাণিজ্য নগরী মুম্বইতে একাধিক রুটে ভোর সাড়ে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলে। অর্থাৎ সাড়ে ১৭ ঘণ্টা মেট্রো পরিষেবা পায় সাধারণ মানুষ। 

দিল্লি: রাজধানী শহরের হলুদ লাইনে মেট্রো পরিষেবা শুরু হয় ভোর সাড়ে ৫টা থেকে। আবার নীল লাইনে পরিষেবা শুরু হয় সকাল ৬টা থেকে। অধিকাংশ রুটেই রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিষেবা পান দিল্লিবাসী। অর্থাৎ প্রায় ১৮ ঘণ্টা পরিষেবা পান দিল্লি মেট্রোর যাত্রীরা।

পুনে: পুনে মেট্রোতেও সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। সময়ের বিচারে যা হয় ১৭ ঘণ্টা। 

চেন্নাই: দক্ষিণের শহর চেন্নাইতে একাধিক রুটে মেট্রো চালু হয় ভোর ৪টে বেজে ৫৫ মিনিটে। শেষ মেট্রোর পরিষেবা পাওয়া যায় রাত ১১টা ১৭ মিনিটে। অর্থাৎ ১৮ ঘণ্টারও বেশি সময় সার্ভিস দেয় এই শহরের মেট্রো।

কলকাতায় চিত্রটা কেমন?

দেশের অন্য শহরের তুলনায় কলকাতা মেট্রোর ঘুম ভাঙে যেন একটু দেরিতেই। কলকাতায় ব্লু লাইনে প্রথম মেট্রো চালু হয় ভোর ৬টা বেজে ৫০ মিনিটে। অন্যদিকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা বেজে ৪৪ মিনিটে। অর্থাৎ পরিষেবা পাওয়া যায় মাত্র ১৫ ঘণ্টারও কম সময়। 

Advertisement

কেন কলকাতা মেট্রোয় কম সময় পরিষেবা পাওয়া যায়?

কলকাতা মেট্রোর এমন 'গদাইলস্করি' চাল কেন? সেই উত্তর জানতে চেষ্টা করেছে bangla.aajtak.in। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান এই প্রসঙ্গে বলেন, "কর্মীদের কাজের সময় এবং যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই শিডিউল ঠিক করা হয়।" তবে অন্য শহরে মেট্রো টানা এত বেশি সময় কীভাবে পরিষেবা দেয়? সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি অপারেশন বিভাগের কাছে তুলে ধরবেন, বিষয়টি আলোচনা সাপেক্ষ।

কলকাতা মেট্রোর অপর একটি সূত্র জানাচ্ছে, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলক ভাবে রাত ১০টা ৪০ মিনিটে রাত্রিকালীন একটি মেট্রো চালু করে কলকাতা মেট্রো। কিন্তু কিছুদিন পর সেই পরিষেবা তুলেও নেওয়া হয়। সূত্রের দাবি, রাতের মেট্রোয় যথেষ্ট পরিমাণে যাত্রী সংখ্যা না হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে সকাল ৬টা ৪৫-এর আগে মেট্রো চালানোর কোনও পরীক্ষামূলক সিদ্ধান্তও নেয়নি কলকাতা মেট্রো। আদৌ কি তেমনটা কোনও দিন হবে? তিলোত্তমা নগরীও কি পাল্লা দেবে দিল্লি, চেন্নাইয়ের মতো শহরের সঙ্গে? উত্তরটা লুকিয়ে আগামী দিনেই।

 

Read more!
Advertisement
Advertisement