Advertisement

Kolkata Metro: আরও ১৩০ কিমি রুট বাড়ছে কলকাতা মেট্রোর, বিপুল পরিমাণে বাড়ল আয়ও

Kolkata Metro: শহর কলকাতায় মেট্রোর ভোলবদলাতে চলেছে। আগামী কয়েকবছরের মধ্যেই নতুন ১৩০ কিমি রুটে সম্প্রসারিত হতে চলেছে কলকাতা মেট্রো।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 8:35 AM IST
  • তিলোত্তমার মেট্রো এবার শহরের গণ্ডি পেরিয়ে ছুঁতে যাচ্ছে শহরতলিতেও।
  • আগামী কয়েকবছরের মধ্যেই নতুন ১৩০ কিমি রুটে পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো।
  • ২০২৫-২৬ অর্থবর্ষে মেট্রো রেলে ২৩.৬০ কোটি যাত্রী যাতায়াত করেছেন।

আরও বহরে বাড়ছে কলকাতা মেট্রো। চার দশকেরও বেশি সময় পুরনো তিলোত্তমার মেট্রো এবার শহরের গণ্ডি পেরিয়ে ছুঁতে যাচ্ছে শহরতলিতেও। আগামী কয়েকবছরের মধ্যেই নতুন ১৩০ কিমি রুটে পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। শনিবার স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর এই বার্তা দিয়েছেন খোদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা।

এদিন মেট্রো রেল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের ভাষণে প্রেম সাগর কলকাতা মেট্রোর সম্প্রসারণের পরিকল্পনা এবং সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন।

কলকাতা মেট্রোর সাফল্য

গত কয়েকবছরে কলকাতা মেট্রোর বিস্তার বেড়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে আয়ও। তথ্য উল্লেখ করে জেনারেল ম্যানেজার জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে মেট্রো রেলে ২৩.৬০ কোটি যাত্রী যাতায়াত করেছেন। এর মাধ্যমে শহরের গণপরিবহণ ব্যবস্থায় দ্রুতগামী মেট্রো রেলের ক্রমবর্ধমান ভূমিকা স্পষ্ট হয়ে উঠছে। 

চলতি অর্থবর্ষে মেট্রো রেলের আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রেম সাগর জানান, ২০২৬ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে মেট্রোর আয় হয়েছে ১৬৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। অর্থাৎ বিপুল বেড়েছে আয়ের পরিমাণ।

ডিজিটাল হচ্ছে কলকাতা মেট্রো

মেট্রো যাত্রীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রবণতাও ক্রমশ বাড়ছে বলে জানান জেনারেল ম্যানেজার। টোকেন, স্মার্ট কার্ড এবং কিউআর কোড-ভিত্তিক টিকিট কেনার পাশাপাশি স্মার্ট কার্ড রিচার্জের ক্ষেত্রেও যাত্রীরা ক্রমশ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছেন। তিনি বলেন, ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই এই পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। 

 

Read more!
Advertisement
Advertisement