
কলকাতা মেট্রোর পরিষেবাকে আরও উন্নত করতে এবার বুস্টার প্যাকেজ দিল ভারতীয় রেল। উত্তর-দক্ষিণ করিডোরে ক্ষমতা বাড়াতে মোট ৬৭১.৭২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করল ভারতীয় রেল। এই টাকায় একাধিক প্রজেক্টে কাজ করা হবে।
ভারতীয় রেলের তরফে বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় ২৯১.০৬ কোটি ব্যয়ে ৭টি নতুন ট্র্যাকশন সাবস্টেশন তৈরি করা হবে। পাশাপাশি এসপ্ল্যানেড মেট্রো থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত অক্সিলিয়ারি সাবস্টেশন (ASS) ও ট্র্যাকশন সাবস্টেশন (TSS)-এর উন্নয়ন ও ক্ষমতা বৃদ্ধি করা হবে। এর জন্য খরচ ধরা হয়েছে ₹৩৮০.৬৬ কোটি।
এছাড়াও, নেতাজি মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত উঁচু লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি করা হবে। বর্তমান ১১ কেভি সিস্টেমকে আপগ্রেড করে ৩৩ কেভি সিস্টেমে বদলে ফেলা হবে।
উল্লেখ্য, ১৯৮০-র দশকে তৈরি কলকাতা মেট্রো মূলত ৫ মিনিট অন্তর ট্রেন চালানোর জন্য পরিকল্পিত ছিল। বর্তমানে অফিস টাইমে ৫ মিনিট অন্তর ট্রেন চালায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু যাত্রী সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও ঘন ঘন ট্রেন চালানোর প্রয়োজন দেখা দিয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে ২.৫ মিনিট অন্তর ট্রেন চালানো সম্ভব হবে। ফলে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে এবং লাইনের বহন ক্ষমতাও বাড়বে। বর্তমানে বহু সাবস্টেশন ও যন্ত্রাংশ তাদের সর্বোচ্চ ক্ষমতার সীমায় পৌঁছে গিয়েছে এবং খুচরো যন্ত্রাংশের অভাবে রক্ষণাবেক্ষণেও সমস্যা হচ্ছে। নতুন এই উন্নয়ন প্রকল্প বিদ্যুৎ সরবরাহকে আরও নির্ভরযোগ্য করবে এবং মেট্রো পরিষেবাকে আরও গতিশীল করে তুলবে।