Advertisement

Kolkata Distance Bus Service: থ্রি এসির টাকায় ফার্স্ট এসির আরাম, কলকাতা থেকে এবার বাসেই যান দিল্লি-বেঙ্গালুরু-চেন্নাই

এতদিন বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরে যেতে হলে আমজনতার ভরসা ছিল ট্রেন বা বিমান। তবে ট্রেনের টিকিট অনেক দিন আগে বুকিং করতে হয়। আর বিমান ভাড়া আকাশছোঁড়া। ফলে শেষ মুহূর্তে টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। তবে এবার আর শুধু ট্রেন বা বিমানের উপর নির্ভর করতে হবে না। কলকাতা থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ শহরে সরাসরি বিলাসবহুল বাস পরিষেবা চালু হয়ে গেল। পাশাপাশি ভলভো স্পেশাল বাসে পুরী যাওয়ার নতুন পরিষেবাও শুরু করছে একটি নামী পরিবহণ সংস্থা।

 দূরপাল্লার বিলাসবহুল বাস দূরপাল্লার বিলাসবহুল বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 10:40 AM IST

এতদিন বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরে যেতে হলে আমজনতার ভরসা ছিল ট্রেন বা বিমান। তবে ট্রেনের টিকিট অনেক দিন আগে বুকিং করতে হয়। আর বিমান ভাড়া আকাশছোঁড়া। ফলে শেষ মুহূর্তে টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। তবে  এবার আর শুধু ট্রেন বা বিমানের উপর নির্ভর করতে হবে না। কলকাতা থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ শহরে সরাসরি বিলাসবহুল বাস পরিষেবা চালু হয়ে গেল। পাশাপাশি ভলভো স্পেশাল বাসে পুরী যাওয়ার নতুন পরিষেবাও শুরু করছে একটি নামী পরিবহণ সংস্থা।

রেল বা বিমানের টিকিট পাওয়ার অনিশ্চয়তার ঝক্কি এড়িয়ে তাই এ বার বিলাসবহুল ভলভো বাসে করে  সড়কপথেই পৌঁছে যেতে পারেন দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু এবং পুরীর মতো দূরবর্তী গন্তব্যে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে বেসরকারি বাস পরিবহন সংস্থা ‘শ্যামলী’। বেসরকারি ওই পরিবহণ সংস্থার দাবি, দীর্ঘ দূরত্বের যাত্রায় বিমানের মতো আরামদায়ক ও নিরাপদ অনুভূতি দিতেই এই প্রিমিয়াম বাসগুলি আনা হয়েছে। অত্যাধুনিক ডিজাইনের এই ভলভো কোচগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য রয়েছে খোলামেলা ও আরামদায়ক আসন, বায়ো-টয়লেট এবং সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিংয়ের মতো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এ ছাড়া যাত্রাপথে বিনোদন ও কাজের সুবিধার জন্য বাসের ভিতরে থাকছে ওয়াই-ফাই সংযোগ ও চার্জিং পয়েন্টের ব্যবস্থাও। সপ্তাহে সাত দিনই এই বাসগুলো যাতায়াত করবে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার ঘোষ জানিয়েছেন,‘দূরপাল্লার বাসে যাতে বাড়ির মতো আরাম পাওয়া যায়, সেই চেষ্টাই করা হয়েছে।’

কোন কোন রুটে নতুন বাস এবং ভাড়া কত?
 জানা গিয়েছে, কলকাতা-দিল্লি রুটে ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকা, পৌঁছাতে সময় লাগবে ২৪ ঘণ্টা। কলকাতা-বেঙ্গালুরু রুটে ভাড়া পড়বে ৪৫০০ টাকা মাথাপিছু এবং সময় লাগবে মোটামুটি ৩৫ ঘণ্টার মতো। কলকাতা-চেন্নাই রুটে ভাড়া লাগবে নুন্যতম ৪৭০০ টাকা,  সময় লাগবে ২৪ ঘণ্টা।  আর কলকাতা-পুরী ভলভো স্পেশাল বাসও চালু হয়েছে, যেখানে ১৫০০ থেকে ২০০০ টাকা ভাড়া লাগবে মাথাপিছু, সময় লাগবে ৮ ঘণ্টা।

Advertisement

বুধবার করুণাময়ী বাস টার্মিনাস থেকে  এই পরিষেবা শুরু হয়েছে। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্যামলী পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অরুণ ঘোষ জানিয়েছেন, এই পরিষেবায় যাত্রীরা প্রথম শ্রেণির এসির সমতুল্য আরাম পাবেন তৃতীয় শ্রেনীর এসির ভাড়ায়। দীর্ঘদিন ধরেই এই ধরনের পরিষেবার চাহিদা ছিল। কিন্তু প্রশাসনের লাল ফিতের ফাঁস এবং নানান টেকনিক্যাল জটিলতায় সেটা কোনোভাবেই হয়ে উঠছিল না। বদলের সরকার ফাস্ট অ্যাকশন মোডে আছে। তাই পালাবদলের পর এবার দিল্লি-বেঙ্গালুরু-হায়দরাবাদ-মুম্বইয়ের ধাঁচে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ঝড়ের বেগে এবার ভিন রাজ্যে ছুটবে শ্যামলীর বাস।

কী কী সুবিধা থাকছে বাসে?
এই বিলাসবহুল বাসগুলিতে যাত্রীদের আরামদায়ক সফরের জন্য একাধিক আধুনিক সুবিধা রাখা হয়েছে। থাকছে বায়ো-টয়লেট, বালিশ ও চাদর। প্রতিটি আসনে ব্যক্তিগত টিভি স্ক্রিন সহ OTT, এছাড়া স্ন্যাক্স, পানীয় জল, চা কফির ব্যবস্থা সহ মিনি স্ন্যাক্স বার। 

এই প্রিমিয়াম কোচ পরিষেবা চালু হওয়ায় কলকাতা থেকে যাত্রার পরিকল্পনা করার ক্ষেত্রে ভ্রমণকারীরা আরও বেশি সুযোগ পাচ্ছেন। সেইসঙ্গে রেল ও বিমান ভ্রমণের বিকল্প খুঁজ পাবেন অনেকেই। নতুন রুটগুলির লক্ষ্য হল রেল এবং বিমান ভ্রমণের একটি আরামদায়ক এবং সাশ্রয়ী বিকল্প প্রদান করা। সংস্থার কাউন্টারের পাশাপাশি অনলাইনেও এই পরিষেবা বুক করা যাবে।

Read more!
Advertisement
Advertisement