
অবসরের পর খরচ চালানো নিয়ে চিন্তায়? এক বার বিনিয়োগ করে সারা জীবন নিয়মিত আয় পেতে চান? লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) একটি পলিসি করলেই চিন্তামুক্ত হবেন। এই স্কিমে ৫ বছর প্রিমিয়াম জমা দিয়েও আজীবন নিয়মিত আয়ের সুযোগ।
এলআইসির এই স্কিমের নাম 'জীবন উৎসব পলিসি'। এই প্ল্যানে একাধিক বিকল্প রয়েছে। এটি একটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং ব্যক্তিগত জীবনবিমা স্কিম। অর্থাৎ এই পলিসির সুবিধা শেয়ার বাজারের ওঠানামা বা রিটার্নের উপর নির্ভর করে না। পাশাপাশি পলিসির আওতায় জীবনবিমার সুরক্ষাও পাওয়া যায়।
৫ থেকে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম
এই পলিসিতে প্রিমিয়াম জমা দেওয়ার জন্য ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের বিকল্প রয়েছে। পলিসির ন্যূনতম বেসিক সাম অ্যাশিওর্ড ৫ লক্ষ টাকা। ধরা যাক, ৩০ বছর বয়সি কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকার বেসিক সাম অ্যাশিওর্ড নিতে চান। তিনি যদি পাঁচ বছরের প্রিমিয়াম জমার বিকল্প বেছে নেন, তা হলে তাঁকে বছরে ১,১০,১৫০ টাকা প্রিমিয়াম দিতে হবে।
মেয়াদ অনুযায়ী বার্ষিক প্রিমিয়াম
৫ বছরের মেয়াদ: বছরে ১,১০,১৫০ টাকা
৮ বছরের মেয়াদ: বছরে ৭২,৬০০ টাকা
১২ বছরের মেয়াদ: বছরে ৪৪,২৭৫ টাকা
১৬ বছরের মেয়াদ: বছরে ৩০,০২৫ টাকা
বছরে ১০ শতাংশ হারে আয়
এলআইসি জীবন উৎসব পলিসির রেগুলার ইনকাম বেনিফিট বিকল্পে বেসিক সাম অ্যাশিওর্ডের ১০ শতাংশ হারে বার্ষিক আয়ের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ বেসিক সাম অ্যাশিওর্ড ৫ লক্ষ টাকা হলে বছরে আয় হবে ৫০ হাজার টাকা। পাঁচ বছরের প্রিমিয়াম জমার বিকল্প বেছে নিলে পলিসির একাদশ বছর থেকে এই আয় পাওয়া শুরু হবে। পলিসির শর্ত অনুযায়ী, পলিসি হোল্ডার জীবিত থাকা পর্যন্ত এই আয় পাওয়ার সুযোগ রয়েছে।
গ্যারান্টিযুক্ত অতিরিক্ত আয়ের সুবিধা
এই পলিসিতে প্রিমিয়াম জমার মেয়াদ চলাকালীন নির্দিষ্ট শর্তসাপেক্ষে গ্যারান্টিযুক্ত অতিরিক্ত অর্থ যোগ হয়। পলিসির প্রতি বছরে বেসিক সাম অ্যাশিওর্ডের প্রতি ১,০০০ টাকায় ৪০ টাকা করে অতিরিক্ত অর্থ যুক্ত হয়। অর্থাৎ বেসিক সাম অ্যাশিওর্ড ৫ লক্ষ টাকা হলে প্রতি বছরে অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ২০ হাজার টাকা।
এই স্কিমে রয়েছে ফ্লেক্সি ইনকাম সুবিধাও। এর মাধ্যমে পলিসি হোল্ডার চাইলে নির্দিষ্ট সময়ের জন্য টাকা নাও তুলতে পারেন। জমা রাখা সেই অর্থের উপর পলিসিতে নির্ধারিত হারে সুদ পাওয়া যায়। বর্তমানে এই সুদের হার বার্ষিক ৫.৫ শতাংশ।
মৃত্যুতে আর্থিক সুরক্ষা এবং লোন
পলিসি চালু থাকা অবস্থায় মৃত্যু হলে পলিসির শর্ত অনুযায়ী ডেথ বেনিফিট পাবেন নমিনি। ফলে নিয়মিত আয়ের পাশাপাশি পরিবারের জন্যও আর্থিক সুরক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই পলিসি দিয়ে ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যায়। তবে ঋণের পরিমাণ, সুদের হার এবং পরিশোধের মেয়াদ নির্ভর করবে পলিসির নির্দিষ্ট শর্তের উপর।