
পশ্চিমবঙ্গে মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার। একই সঙ্গে নতুন মদের দোকান খোলার ক্ষেত্রেও দূরত্বের সীমার নিয়ম কিছুটা কড়া করা হয়েছে। এমনকী কোনও বন্ধ হয়ে যাওয়া মদের দোকান খোলার ক্ষেত্রেও একাধিক নয়া নিয়ম আরোপ করা হয়েছে।
মদের দোকান খোলার দূরত্বসীমা বাড়ল
প্রথমে নিয়ম করা হয়েছিল, স্কুল, কলেজ বা যে কোনও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ১ হাজার ফুট (৩৫০ মিটার) মধ্যে কোনও মদের দোকান খোলা যাবে না। সেই নিয়ম আরও কড়া হল। নবান্নের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, পুরনিগম, পুরসভা বা নোটিফায়েড এলাকাগুলিতে নতুন দোকান খুলতে হলে তা স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি থেকে ন্যূনতম ৫০০ মিটার দূরে হতে হবে। আর পুর বা পঞ্চায়েত এলাকার বাইরে অবস্থিত জায়গাগুলির ক্ষেত্রে এই দূরত্ব বাড়িয়ে এক কিলোমিটার করা হয়েছে।
তবে নির্দেশিকায় এও জানানো হয়েছে, ইতিমধ্যে চালু থাকা মদের দোকানগুলি নয়া নিয়মের আওতায় পড়বে না। এই নিয়ম শুধুমাত্র নতুন করে যাঁরা মদের দোকান খুলতে চান, তাঁদের জন্য। সহজ ভাষায় ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে জেনে নেওয়া যাক, মদের দোকানের ক্ষেত্রে নয়া নিয়মগুলি কী কী?
১. পুরনো ফরেন লিকার ট্রেড লাইসেন্সধারীদের নতুন সুযোগ
আগে ফরেন লিকার ট্রেড লাইসেন্স ছিল, এমন কোনও লাইসেন্সধারী, রুল ৪-এর বিধিনিষেধ মেনে, নতুন জায়গায় ক্যাটেগরি (E) রিটেল লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
২. নতুন জায়গায় আবেদন করলে কলেক্টার তদন্ত করবেন
নতুন জায়গায় লাইসেন্সের জন্য আবেদন পাওয়ার পর কলেক্টর সরেজমিনে তদন্ত করবেন। জায়গাটি নিয়ম অনুযায়ী কোনও নিষেধাজ্ঞার আওতায় নেই বলে নিশ্চিত হলে তিনি আবেদনটি আবগারি কমিশনারের কাছে সুপারিশ করবেন।
৩. আবগারি কমিশনার অনুমোদন দিলে লাইসেন্স দেওয়া হবে
আবগারি কমিশনার আবেদন অনুমোদন করার পর কালেক্টর, নির্ধারিত লাইসেন্স ফি জমা/পরিশোধের ভিত্তিতে, ক্যাটেগরি (E)-এর লাইসেন্স ইস্যু করতে পারবেন। এই ফি নির্ধারণ হবে West Bengal Excise (Payment of Fees for Grant of Licenses for Retail Sale of Certain Intoxicants) Rules, 2005 অনুযায়ী।
৪. বিদ্যমান FL ‘ON’ দোকানের জায়গা ব্যবহারে নতুন নিয়ম
পুরনো FL ‘ON’ শপের জায়গাতেই এখন নতুন 4(p) লাইসেন্স নিয়ে সব ধরনের মদ বিক্রি করা যাবে।
৫. নতুন নিয়ম প্রকাশের দিন থেকেই কার্যকর
এই সংশোধনগুলি ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। অর্থাৎ, আলাদা কোনও ভবিষ্যৎ কার্যকর হওয়ার তারিখ রাখা হয়নি।