
১ জুলাই এল সুখবর। কমে গেল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৭৪ টাকা কমল ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এর ফলে বুধবার থেকে শহরে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ২৫৫ টাকার বদলে পাওয়া যাবে ৩ হাজার ৮১ টাকায়। তবে ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রেখেছে তেল বিপণন সংস্থাগুলি। কলকাতায় এই গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা।
ইরান আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছিল হরমুজ প্রণালী। এর ফলে গোটা ভারত জুড়ে তেল ও LPG গ্যাসের সঙ্কট দেখা যায়। গত ৬ মার্চের পরে কয়েক দফায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ায় কেন্দ্র। হঠাৎ করে এই খরচের বোঝা চেপে যাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন ছোট ব্যবসায়ীরা। অনেক ছোট রেস্তোরাঁ ও পাইস হোটেলের ঝাঁপ বন্ধ হয়ে যায়। কর্মীদের মাইনেও বন্ধ করে দিতে হয় কোথাও কোথাও। এদিকে, বাড়তি খরচের বোঝা সামলাতে খাবারের দাম বাড়িয়ে দেয় বড়-মাঝারি হোটেল ও রেস্তোরাঁগুলি।
২০২৬ সালে এই প্রথম তেল বিপণন সংস্থাগুলি সিলিন্ডারের দাম কমাল। এই বছর প্রতি মাসেই কার্যত ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। জানুয়ারিতে প্রতি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৬৯১ টাকা (দিল্লিতে)। গত ২ মাস ধরেই এই সিলিন্ডারের দাম বেড়েছে। মে মাসে দাম ৯৯৩ (দিল্লিতে) টাকা থেকে বেড়ে প্রথমবারের মতো ৩ হাজার টাকা ছাড়িয়ে যায়। জুনের শুরুতেও তা আরও ৪২ টাকা বেড়ে যায়। এর ফলে দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম পৌঁছে ৩ হাজার ১১৩ টাকা।